ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) পরীক্ষায় নকল করায় গতকাল বুধবার সরকারি আনন্দ মোহন কলেজের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ও শ্রেণিকক্ষে নির্বিচারে ভাঙচুর ও ইটপাটকেল ছোড়েন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।
মুনিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সরকারি আনন্দ মোহন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন পড়ে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে। গতকাল সকাল নয়টায় পরীক্ষা শুরু হয়। দুই ঘণ্টা পর নকল করার অপরাধে গণিত বিভাগের সাদ সরোয়ার ও মো. ওয়াসিম খান এবং প্রাণিবিদ্যা বিভাগের হিমি জাহানকে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী মুমিনুন্নিসা সরকারি কলেজের শিক্ষকেরা সাময়িক বহিষ্কার করেন। বেলা একটায় পরীক্ষা শেষ হয়। দেড়টার দিকে আনন্দ মোহন কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে মুমিনুন্নিসা কলেজের অধ্যক্ষের কক্ষের আসবাব ভাঙচুর করেন। এ ছাড়া ওই শিক্ষার্থীরা ক্লাস চলাকালে দোতলার একটি শ্রেণিকক্ষ লক্ষ্য করে ও কলেজের ভেতর ইটপাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হামলাকারীরা চলে যান।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু তাহের বলেন, বেলা দেড়টার দিকে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর ও ইট ছুড়তে শুরু করলে কলেজের মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘শুনেছি আমাদের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনার বিষয়টাও শুনেছি।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।