তিন শিশু খুন

কুষ্টিয়ার দৌলতপুরে শ্বাসরোধ করে এবং বগুড়ার সারিয়াকান্দিতে গলা কেটে দুটি শিশুকে হত্যা করা হয়েছে। তাদের নাম মায়া খাতুন (৫) ও সোহাগ মিয়া (৮)। এদিকে চাঁদপুরে নিখোঁজ হওয়ার এক মাস পর এক শিশুর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মায়াকে একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহেল রানা (১৪) কৌশলে বাড়ির পাশের পাটখেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর সোহেল মায়ার গলার সোনার চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।
গতকাল বুধবার দুপুরে লাশের ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে নির্যাতনের চেষ্টা করা হয়েছিল।
মায়া মুসলিমনগর গ্রামের মইনুল ইসলামের মেয়ে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতেই অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।
এদিকে, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর কাটাখালী গ্রামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে শিশু সোহাগ মিয়া। সে স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পারিবারিক সূত্র জানায়, সোহাগ মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। রাত একটার দিকে কিছু দূরে পাটখেত থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, পারিবারিক শত্রুতার জের ধরে সোহাগকে খুন করা হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় পুলিশ সোহাগের বড় চাচা বকুল প্রামাণিককে গ্রেপ্তার করেছে। তাঁর সঙ্গে সোহাগের বাবার দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
গতকাল সকাল ১০টার দিকে সোহাগদের বাড়িতে যান এই প্রতিবেদক। সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় পাগলপ্রায় বাবা-মা। সোহাগের মা বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বাবা মহিদুল প্রামাণিক কাঁদতে কাঁদতে বলেন, ‘বিনা অপরাধে আমার অবুঝ সন্তানকে কে মেরে ফেলল?’
সারিয়াকান্দি থানার ওসি আবু সাইয়ীদ মো. ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এ হত্যাকাণ্ড পরিকল্পিত।’
ওসি ওয়াহেদুজ্জামান বলেন, সোহাগের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গতকাল সকালে একটি হত্যা মামলা করেছেন। সোহাগের চাচা বকুল প্রামাণিককে সন্দেহভাজন হিসেবে আটক করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শিশুর বস্তাবন্দী লাশ: চাঁদপুর প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়ার এক মাস পর চাঁদপুরের ফরিদগঞ্জে শিশুকন্যা রুবিনা আক্তারের (৭) বস্তাবন্দী লাশ খুঁজে পেয়েছেন মা ফাতেমা বেগম।
সেকদি গ্রামের বাসিন্দা ফাতেমা জানান, গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মাত্র কয়েক শ গজ দূরে একটি ঝোপের পাশে মেয়ের বস্তাবন্দি অর্ধগলিত লাশ পান। বস্তার ভেতর থেকে মেয়েটির শুধু দুটি পা দেখা যাচ্ছিল। তার শরীরে কোনো কাপড় ছিল না।
পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রুবিনা ১ নম্বর সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। দিনমজুর ঘরের সন্তান রুবিনা গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল। ফাতেমা বেগমের অভিযোগ, মেয়ে নিখোঁজ হওয়ার পর ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক এ বিষয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, কেন, কে মেয়েটিকে হত্যা করেছে, তা তদন্তের পর বলা যাবে।