তিন শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ব্লকের নিদানতরণী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু তিনটির মা ফাতেমা বেগম বলেন, দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্বামী আবদুল গণি তাঁদের তিন কন্যাশিশুকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে গণি পলাতক।
নিহত শিশু তিনটি হলো আয়েশা সিদ্দিকা চম্পা (১০), শিরু জান্নাত শিউলি (৯) ও শারাবান তাহুরা বেলি (১ বছর ৬ মাস)। আয়েশা নিদানতরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ও শিরু বায়তুশ শরফ শাহ জব্বারিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তাদের বাবা আবদুল গণি পেশায় দিনমজুর।
এলাকাবাসী জানায়, নিদানতরণী গ্রামের ফাতেমা বেগমকে প্রায় ১৫ বছর আগে বিয়ে করেন একই ইউনিয়নের পূর্ব পুকুরিয়ার সাতডালিয়া পাড়ার আবদুল গণি। এই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে। পাঁচ বছর আগে গণি শ্বশুরবাড়িতে নিজে ঘর তৈরি করে বসবাস করতে শুরু করেন। তাঁদের বসতঘরের প্রায় ৫০ ফুট পশ্চিমে ছোট্ট একটি এক চালাঘরে বসবাস করেন ফাতেমার মা নূর আয়েশা বেগম। গণি ও ফাতেমা দম্পতির বড় ছেলে মো. রিফাত ছোটবেলা থেকেই নানির কাছে থাকে।
ফাতেমা বেগম জানান, তাঁর স্বামী গণি এক বছর ধরে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্বামী গণি প্রায়ই তাঁকে মেরে ফেলার হুমকি দিতেন। তিন-চার দিন ধরে স্বামী বাড়িতে কোনো টাকাপয়সা দিতেন না। খাবার জোগাড়ও করেননি। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার তিনি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিচার দিতে যান। চেয়ারম্যানকে না পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য খায়রুল বাশারের কাছে অভিযোগ করেন। ওই দিন রাতে গণিকে ডেকে বকাঝকা করেন খায়রুল বাশার। বিচার দেওয়ায় তাঁকে মেরে ফেলার হুমকি দেন গণি। এ জন্য ভয়ে রাতে তিনি ঘরে যাননি।
ফাতেমা আরও জানান, রাতে তিনি নিদানতরণীতে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। রাত তিনটার দিকে গণি তাঁর (ফাতেমা) ভাই আজগর আলীকে ফোন বলেন, ফাতেমা যেন সন্তানদের এসে দেখে যায়। তিনি (আবদুল গণি) পুলিশের কাছে যাচ্ছেন। পরে তাঁর মা ও ভাই ঘরে গিয়ে তাঁর তিন সন্তানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন।
ফাতেমা বেগমের বড় ছেলে মোহাম্মদ রিফাত (১৩) বদরখালী লিটল জুয়েলস সমবায় প্রি-ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সে জানায়, ছোটবেলা থেকে সে তার নানির সঙ্গে থাকে। ঘটনার সময়ও সে নানির কাছে ছিল। রিফাত বলে, ‘আমার বাবা মাদকাসক্ত ছিল না, পাগলও না। তবে খুব মেজাজি ও রাগি ছিল। মাকে হত্যা করতে না পেরে বোনদের হত্যা করছেন তিনি।’
প্রতিবেশী কহিনূর নেছা ও জসিম উদ্দিন বলেন, রাতে তাঁরা কোনো চিৎকার-চেঁচামেচি শুনেননি। ভোরে গিয়ে তিনটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।
গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শণের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘরের মেঝেতে পাটির ওপর তিনটি নিথর দেহ। রক্তে বালিশ ও কাঁথা ভিজে গেছে। সেখানে আহাজারি করছেন ফাতেমা বেগম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, রাতের কোনো একসময় বাবা আবদুল গণি ধারালো দা দিয়ে সন্তানদের হত্যা করেছে বলে তাঁরা ধারণা করছেন। সুরতহাল প্রতিবেদনে গলা ছাড়া আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকে গণি পলাতক। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এ রকম নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন না। তবে আবদুল গণি সুস্থ মস্তিষ্কেই তাঁর তিন কন্যাশিশুকে হত্যা করেছেন বলে মনে হচ্ছে। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’