তিন শিশুকে পাঁচ ঘণ্টা বেঁধে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু চুরির অভিযোগে তিন শিশুকে পাঁচ ঘণ্টা বেঁধে রেখেছেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, কংগাইশ গ্রামের পালপুকুরিয়া বাড়ির সবজি ব্যবসায়ী মিজান মিয়া বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তিন শিশুকে বেঁধে রাখেন। ওই তিনজন হলেন এনায়েতপুর গ্রামের মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সিয়াম (১১) ও সিয়ামের খালাতো বোন সদর ইউনিয়নের মাতৈন গ্রামের সুবর্ণা (১১)।
শিশু জিদানের ভাষ্য, গত বৃহস্পতিবার বিকেলে তারা আলীগঞ্জ ব্রিকফিল্ড এলাকার কাছে শামুক খুঁজতে গিয়েছিল। সেখান থেকে মিজান মিয়া তাদের ধরে তাঁর বাড়ি নিয়ে যান। বাড়িতে নিয়ে তাদের বিরুদ্ধে আলু চুরির অভিযোগ তুলে গরু বাঁধার দড়ি দিয়ে খড়ের গাদার সঙ্গে বেঁধে রাখেন।
প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামানসহ স্থানীয় লোকজনের অভিযোগ, অন্যায়ভাবে শীতের মধ্যে এই তিন শিশুকে বেঁধে রেখে মিজান অমানবিক কাজ করেছেন। রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
মিজান মিয়া জানান, কে বা কারা তাঁর জমির অর্ধেক আলু নষ্ট করে ফেলেছে। ওই শিশুরা আলু নষ্ট করেছে বলে তাদের বেঁধে রাখা হয়েছিল।