তিন শিশুসহ চারজন ধর্ষণের শিকার
রাজধানীর খিলগাঁও ও ডেমরায় গত মঙ্গলবার তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢালকানগরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
এ নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে পাঁচ শিশুসহ ছয়জন ধর্ষণ ও ধর্ষণচেষ্টার শিকার হলো। এর মধ্যে শনিবার ওয়ারীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার হন। সোমবার রাতে দক্ষিণখানে ধর্ষণের শিকার হয় চার বছরের প্রতিবন্ধী এক শিশু।
খিলগাঁও থানার পুলিশ বলেছে, সিপাহীবাগের একটি বাসায় চার বছরের একটি শিশু তার মা-বাবার সঙ্গে থাকে। তার বাবা পেশায় কাঠমিস্ত্রি। মঙ্গলবার বিকেলে মা-বাবা শিশুটিকে একা বাসায় রেখে বাইরে যান। গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসা আত্মীয় (সজীব) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। রাত ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে শিশুটির বাবা সজীবকে আসামি করে খিলগাঁও থানায় ধর্ষণের মামলা করেন। পুলিশ সজীবকে গ্রেপ্তার করেছে।
এর আগে মঙ্গলবার সকালে উত্তর বাড্ডার সাঁতারকুলে সাড়ে ছয় বছরের এক শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী হারুন-অর রশিদ। পুলিশ হারুন-অর রশিদকে গ্রেপ্তার করেছে। ঘটনার সময় এই শিশুটির বাবা-মা বাইরে কাজে ছিলেন।
একই দিন সন্ধ্যায় ডেমরার বামুইন পূর্বপাড়া এলাকার একটি বাসায় প্রতিবেশী সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়।
শিশুটির বাবা বলেন, মঙ্গলবার সকালে তিনি ও তাঁর স্ত্রী কাজের সন্ধানে বাইরে যান। এ সময় প্রতিবেশী রনি একা পেয়ে বাসায় ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে। বাসায় ফিরে মেয়ের কাছে ঘটনাটি শোনেন। পরে ডেমরা থানায় রনির বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেন। রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর ধর্ষক রনি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: গত সোমবার রাতে গেন্ডারিয়ার ঢালকানগরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে বলেন, তিনি কয়েক দিন আগে ঢালকানগরে তার খালার বাসায় বেড়াতে আসেন। গত সোমবার রাতে চারজন যুবক নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয়ে গেন্ডারিয়ার ঢালকানগরে ঢোকে। একপর্যায়ে তারা খালাকে অন্য একটি কক্ষে আটকে রেখে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর থানায় মামলা করতে গেলে গেন্ডারিয়া থানা মামলা নেয়নি।
অভিযোগের বিষয়ে গেন্ডারিয়া থানার এসআই এমারত হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা গৃহবধূর বক্তব্য নিতে হাসপাতালে এসেছেন। গৃহবধূ থানায় মামলা দিলে তা গ্রহণ করা হবে।