তিন শিশুসহ সাতজনকে ধর্ষণের অভিযোগ
ঢাকাসহ বিভিন্ন স্থানে তিন শিশুসহ সাতজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, রাজধানীর কদমতলী ও ভাটারায় একটি করে, ধামরাইয়ে একটি, সাভারে দুটি, মাদারীপুর ও নাটোরে একটি করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারগুলোর বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর কদমতলী থানা সূত্র বলেছে, গত সোমবার এক তরুণী (১৯) তাঁর এলাকার এক নারীর স্বামী মো. সোহেলের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লা। সম্প্রতি কাজের জন্য তিনি ঢাকায় আসেন এবং কদমতলীতে তাঁর এলাকার এক নারীর বাসায় ওঠেন। শনিবার রাতে ওই নারীর অনুপস্থিতিতে সোহেল তাঁকে ধর্ষণ করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাটারায় রোববার রাতে এক ব্যক্তিকে নিজের নয় বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, ওই শিশুর মা বাদী হয়ে মামলা করার পরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ধামরাই ও সাভারে স্কুলছাত্রীসহ তিনজনকে ধর্ষণের অভিযোগ
ধামরাইয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বড় বোন প্রথম আলোকে বলেন, সোমবার সকালে তাঁর বোন স্কুলে যায়। পরে সাভার পৌর এলাকার বৈদ্য মণিদাস তাঁর বোনকে বিদ্যালয় থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, গতকাল মঙ্গলবার মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগ দিলে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলেছে, সোমবার সকাল ছয়টার দিকে এক তরুণী চিকিৎসাসেবা নিতে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
এ ছাড়া সাভারের রাজফুলবাড়িয়ায় মিজানুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা সোমবার সাভার মডেল থানায় মিজানুরের বিরুদ্ধে মামলা করেছেন। কিশোরীর বাবার অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে মিজানুর তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন।
মাদারীপুর ও নাটোরে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার
মাদারীপুরে সোমবার রাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তার ভগ্নিপতি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনেরা বলেছেন, ওই ছাত্রী গত শুক্রবার মাদারীপুর সদরে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সোমবার তার দুলাভাই তাকে জামা-কাপড় কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন কুমার দেব বলেন, ওই ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।
এদিকে সোমবার রাতে নাটোরের লালপুরে এক স্কুলছাত্রী বাড়ির বাইরে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। এ সময় তার ওই বন্ধুর পরিচিত তিন তরুণ তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় এক তরুণকে পুলিশ গতকাল সকালে গ্রেপ্তার করেছে।