তিন শ্রমিকনেতাকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চার প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত কর্মচারী (এমপ্লয়িজ) ইউনিয়নের তিন নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ) এনামুল হক স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বরখাস্ত করা হয়। কেন্দ্রের এমডি নুরুল আলম গতকাল রোববার সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রের মেকানিক মোজাম্মেল হক, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং ক্রেন অপারেটর ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী।
বিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম ২৩ নভেম্বর সকালে তাঁর নিজ দপ্তরে কেন্দ্রের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম ইয়াকুব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং মো. রোকন মিয়ার সঙ্গে আলোচনা করছিলেন। ওই সময় মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মহরম আলীসহ কয়েকজন এমডির কক্ষে যান। তাঁরা এমডিসহ চার প্রকৌশলীকে লাঞ্ছিত করেন।
গত বৃহস্পতিবার ওই তিন শ্রমিকনেতাকে বরখাস্ত করলেও বিষয়টি গোপন রাখে কর্তৃপক্ষ। যোগাযোগ করা হলে শ্রমিকনেতা মোজাম্মেল হক পাল্টা অভিযোগ করে বলেন, ‘শ্রমিকদের কণ্ঠ রোধ করার লম্বা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে ইঞ্জিনিয়াররা মারধরের মিথ্যা অভিযোগ আনেন এবং চাকরিচ্যুত করেন। ঘটনাটি সাজানোর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে।’