তিন সহোদরকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে তিন সহোদর হত্যা মামলায় দুখু বাহিনীর প্রধান দুখুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুখুর সহযোগী আজিমুদ্দীন ও চেতন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ বিচারক টি এম মুছা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুখু ও তাঁর সহযোগী আজিম উদ্দীন ভারতে পলাতক রয়েছেন। চেতন আলী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের বিরোধ কেন্দ্র করে ২০০৮ সালের ৩০ আগস্ট রাতে গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা গ্রামে এক কিলিং মিশনে ইউপি সদস্য ইমদাদুল হক ও তাঁর দুই ভাই জাহিদুল ইসলাম ও রুহুল আমিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পরদিন নিহত ইমদাদুল হকের স্ত্রী রেনুকা খাতুন বাদী হয়ে বাহিনী প্রধান দুখুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ নভেম্বর দুখুসহ ৩২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন গাংনী থানার মামলা তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৪০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। ৩২ জন আসামির মধ্যে তিনজনকে সাজা দিলেও বাকিরা খালাস পেয়েছেন।

এদিকে রায় ঘোষণার পর বাদী পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রায়ে প্রধান আসামির ফাঁসির আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করে বেকসুর খালাস হওয়া আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মেহেরপুর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কেএম শহিদুল ইসলাম।