চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ওমর ফারুকের বিরুদ্ধে তিন সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
ওমর ফারুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
মারধরের শিকার তিন সাংবাদিক হলেন প্রিয় চট্টগ্রাম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয় দাশ, বণিক বার্তার মুমিন মাসুদ ও আমার সংবাদ-এর মিরাজ বাপ্পী।
মুমিন মাসুদ প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমরা তিনজন আলাওল হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ ছাত্রলীগের সহসম্পাদক ওমর ফারুক আমাদের তিনজনের ওপর হামলা চালান। তিনি আমাদের মারধর করেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। কিছুক্ষণ পর তাঁর কয়েকজন অনুসারী রামদা ও লাঠিসোঁটা নিয়ে আসেন। তাঁরাও আমাদের মারধর করেন। এ সময় সাংবাদিক সমিতির সদস্য ফাহিম হাসান ঘটনাস্থলে আসলে তাঁকে মারতে উদ্যত হন তাঁরা। আমরা গতকাল এ ঘটনা লিখিতভাবে প্রক্টরকে জানিয়েছি।’
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রহমান শোয়েব বলেন, ‘তিন সাংবাদিকের ওপর হামলা দুঃখজনক। আমরা লিখিতভাবে প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। এ ছাড়া ছাত্রলীগকেও ঘটনা সম্পর্কে জানিয়েছি।’
অভিযোগ বিষয়ে ছাত্রলীগের নেতা ওমর ফারুক বলেন, ‘এ ধরনের কোনো কিছুই আমি করিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৭ জুন শাটল ট্রেনে মারধরের শিকার হন প্রিয় চট্টগ্রাম-এর প্রতিনিধি জয় দাশ।