কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুল হকের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।
আহত সাংবাদিকেরা হলেন এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন এবং একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম ও ক্যামেরাম্যান বাবু কান্তি দে। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক আহসান সুমন বলেন, গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁরা খবর পান আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারছে। এরপর দুপুর ১২টার দিকে তাঁরা একটি মাইক্রোবাসযোগে ওই কেন্দ্রের দিকে রওনা হন। কেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরে উমখালী বাজারের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থক কুদরত উল্লাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসের গতিরোধ করে তাঁদের লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের ক্যামেরা, মুঠোফোন ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, হামলাকারীদের ধরার জন্য পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালাচ্ছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুল হক বলেন, ওই হামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সমাবেশ করেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে সাংবাদিকেরা পুলিশ সুপারের কার্যালয়ে যান। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।