তিন সাংবাদিকের ওপর হামলা, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেতের একটি খাবারের হোটেলে গত সোমবার রাতে তিন সাংবাদিকসহ চারজনের ওপর হামলা হয়েছে। হোটেলের ভেতরে উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী। তবে ছাত্রলীগ বলছে, তাঁরা সংগঠনের ‘নাম ভাঙিয়ে’ এ কাজ করেছেন। জড়িত ব্যক্তিদের মধ্যে দুজনকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।
সোমবার রাত ১১টার দিকে নীলক্ষেতে হোটেলে হামলার শিকার ব্যক্তিরা হলেন আমাদের অর্থনীতির অর্ণব প্রধান, বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের নোমান আবদুল্লাহ, জাগো নিউজের মুনির হোসাইন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এহসান মুহাম্মদ আবদুল্লাহ। তাঁদের মধ্যে অর্ণব চোখের নিচে আঘাত পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।
অর্ণব প্রথম আলোকে বলেন, তাঁরা নীলক্ষেতের আল-আমিন হোটেলে খেতে খেতে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। পাশের টেবিল থেকে কয়েকজন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে তাঁদের জোরে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের গায়ে হাত তোলেন। মুঠোফোনে আরও আট-দশজনকে ডেকে এনে তাঁদের মারধর করেন।
খবর পেয়ে রাত একটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। পরে তাঁরা খোঁজখবর নিয়ে রাত তিনটার দিকে এ ঘটনায় দুজনকে ধরে নিউমার্কেট থানার পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁদের একজন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আইয়ুব উল্লাহ আহমেদ। আরেকজন কাজী জুয়েল। তিনি ঢাকা কলেজের সাউথ হলের ৩১৯ নম্বর কক্ষে থাকেন, কিন্তু এই কলেজের শিক্ষার্থী নন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজের ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে করেছেন। জড়িত দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে, বাকিদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।