তিন স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে। একই দিন রাতে জামালপুরের বকশীগঞ্জ ও চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

কমলগঞ্জ (মৌলভীবাজার): থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রী বাড়ির পাশে একটি দোকানে চিনি কিনতে যায়। তখন একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন দোকানি। গুরুতর অসুস্থ অবস্থায় ওই দোকানি ছাত্রীটিকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে মেয়েটির পরিবারের সদস্যরা সেখানে যান। তখন ওই দোকানি পালিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ছাত্রীটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর ছাত্রীর বাবা কমলগঞ্জ থানায় ওই দোকানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। রাত ১০টার দিকে স্থানীয় একটি বাজার থেকে এলাকাবাসী ওই দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক বলেন, ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে থানায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর: জেলার বকশীগঞ্জ উপজেলায় শনিবার রাতে ধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী (১৬)। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পূর্বপরিচিত ওই তরুণ কথা বলার জন্য কৌশলে তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে ছাত্রীটি ধর্ষণের শিকার হয়। তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে ওই তরুণ পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছাত্রীটি বাড়িতে যায়। ছাত্রীর মা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই রাতেই পুলিশ নিজ বাড়ি থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন গতকাল জানান, ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর: জেলার ফরিদগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ছাত্রীটির বাবা গতকাল ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় এক তরুণ এক বছর আগে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শনিবার রাত ১০টার দিকে জরুরি কথা আছে বলে বাড়ির পাশে একটি বাগানে ওই ছাত্রীকে নিয়ে যান তিনি। সেখানে তিনি তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই তরুণ পালিয়ে যান। পরে ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন দাস জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই তরুণকে গ্রেপ্তারে অভিযান চলছে।