তিন স্কুলছাত্রীকে পাচারকালে গাজীপুর থেকে উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তিন স্কুলছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টার সময় গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ পাচারের সঙ্গে জড়িত এক মহিলাকেও আটক করেছে।
গতকাল শনিবার রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। উদ্ধার করা তিন স্কুলছাত্রী হচ্ছে মিলি আরা খাতুন, খাদিজা খাতুন ও আশা খাতুন। মিলি ও খাদিজা গোদাগাড়ী উপজেলার পাকড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম ও ষষ্ঠ শ্রেণির এবং আশা পাকড়ি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। তাদের সবার বাড়ি উপজেলার বংপুর গ্রামে।
অভিযুক্ত মহিলার নাম আকতারা বেগম (৫০)। তাঁর বাড়িও গোদাগাড়ী উপজেলার বংপুর গ্রামে। তাঁর স্বামীর নাম আফসার আলী।
সংবাদ সম্মেলনে এই তিন শিক্ষার্থী জানায়, আকতারা বেগম তাদের আত্মীয়। ভালো চাকরি দেওয়ার কথা বলে তিনি তাদের ঢাকায় নিয়ে যান। তবে সব সময় তিনি দূরে থেকেই মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তারা জানায়, গত ১৮ মে তারা বংপুর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। আকতারা বেগম তাদের একটি মুঠোফোন নম্বর দিয়েছিলেন। বলেছিলেন, ঢাকায় নেমে সেই নম্বরে যোগাযোগ করলেই এক ব্যক্তি এসে তাদের নন্দন পার্কে নিয়ে যাবেন। সেখানে গেলেই তাদের চাকরির ব্যবস্থা করা হবে।
এই নির্দেশনা মোতাবেক তারা তিনজন গাবতলী বাস টার্মিনালে গিয়ে নামে। সেখানে গিয়ে ওই মুঠোফোন নম্বরে ফোন দিলে কেউ তাদের নিতে আসেনি। তারা আবার আকতারা বেগমকে ফোন দেয়। আকতারা বেগম জানায়, ‘তোমরা বেশি দূরে চলে গেছ।’ তিনি তাদের গাজীপুরের চান্দুরায় ফিরে আসতে বলেন। এ সময় তাদের কাছে টাকাও ফুরিয়ে যায়। আকতারা তখন তাদের একজনের গয়না বিক্রি করার পরামর্শ দেন। তারা দেড় হাজার টাকায় একজনের গয়না বিক্রি করে চান্দরায় ফিরে আসে। সেখান থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইকিনি গ্রামের রজব আলী ওরফে মজনু নামের এক ব্যক্তি তাদের তিনজনকে তার বাড়িতে নিয়ে যান।
এদিকে ঘটনার দিনই পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ মুঠোফোনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়। ডাইকিনি গ্রামে খোঁজাখুঁজির একপর্যায়ে এই তিন ছাত্রীর স্বজনেরা রজব আলীর বাড়ির সামনে তাদের দেখতে পান। সেখান থেকে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
পরের দিন মিলি আরা খাতুনের বাবা আনারুল ইসলাম বাদী হয়ে আকতারা বেগম ও রজব আলীকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই আকতারা বেগমকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আলমগীর কবির বলেন, তাঁরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, এই তিন মেয়েকে সিলেটের তিন ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এ ছাড়াও স্থানীয় পুলিশ মজনু সম্পর্কে যে তথ্য দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে, স্ত্রী সাজিয়ে তাদের হয়তো মধ্যপ্রাচ্যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশের অভিযানের কারণে প্রস্তুতির পর্বেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।