তিন স্থানে কবিরাজ, কৃষক ও গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রোগীর ছদ্মবেশে একদল দুর্বৃত্ত গতকাল শনিবার এক কবিরাজকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। গতকাল শনিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে এক কৃষক খুন হয়েছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূকে তাঁর চাচাশ্বশুর হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তিন ব্যক্তি হলেন গৌরীপুর উপজেলার দক্ষিণ মইলাকান্দা গ্রামের কবিরাজ কালা শাহ ফকির (৬৮), রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামের কৃষক ফয়জুল হক (৪৫) ও পূর্বধলা উপজেলার আলীপুর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আবিদা সুলতানা (৩০)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গৌরীপুর থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, কালা শাহ প্রায় ৩০ বছর ধরে দক্ষিণ মইলাকান্দা গ্রামে নিজের বাড়িতে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন। গতকাল সকালে তাঁর বাড়ির আঙিনায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভিড় করেন। ওই সময় রোগী পরিচয় দিয়ে পাঁচজন দুর্বৃত্ত তাঁর ঘরে যায়। তারা তাঁর পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় অন্য রোগীরা ধাওয়া করে আমিজ উদ্দিন ও মাসুদ মিয়া নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক হওয়া দুজনের বাড়ি গৌরীপুর উপজেলার খলতবাড়ি গ্রামে। অন্য তিন দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কালা শাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কুমিল্লা থেকে একটি মেয়েকে মন্ত্র বলে এনে দেওয়ার কথা বলে গৌরীপুর উপজেলার খলতবাড়ি গ্রামের এক তরুণের কাছ থেকে টাকা নিয়েছিলেন কালা শাহ। টাকা নেওয়ার তিন মাস পর কাজ না হওয়ায় গতকাল শনিবার উত্তেজিত হয়ে টাকা ফেরত চায় ওই পাঁচজন। কালা শাহ টাকা ফেরত দিতে রাজি না হওয়ায় তারা তাঁকে ছুরিকাঘাত করে।
গৌরীপুর থানার ওসি আবু মো. ফজলুল করিম দাবি করেন, আটককৃত দুজন হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। অপর তিনজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কবিরাজের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার: রাজনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামের রুস্তুম উল্লাহর ছেলে ফয়জুল হকের চারটি ষাঁড় ছিল। এর মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে একটি ষাঁড় মারা যায়। গতকাল সকালে ফয়জুল হক মৃত ষাঁড়টিকে দেখতে পান। তিনি তাঁর ছোট ভাই ছয়ফুল হক ষাঁড়টিকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন বলে সন্দেহ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছয়ফুল তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় ফয়জুল হককে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকদের সহায়তায় ছয়ফুল হককে ছুরিসহ গ্রেপ্তার করে পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাছেদ বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি।
নেত্রকোনা: এলাকার কয়েকজন বাসিন্দা ও পূর্বধলা থানা সূত্রে জানা গেছে, পূর্বধলার আলীপুর গ্রামের বাসিন্দা মোতালিব মিয়ার সঙ্গে তাঁর ভাতিজা আজিজুল মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মোতালিব ওই জমিতে গাছের চারা লাগাতে গেলে আজিজুলের স্ত্রী আবিদা সুলতানা বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় মোতালিবসহ তাঁর পরিবারের লোকজন আবিদা সুলতানাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ মোতালিব মিয়া (৬৫) ও তাঁর ছেলে ইসলাম মিয়ার স্ত্রী শিউলিকে (২৮) গ্রেপ্তার করে। এই ঘটনায় আবিদার স্বামী আজিজুল মিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে গতকাল সকালে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেন। থানার ওসি আবদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।