তিন হল থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ক্যাম্পাস খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি আবাসিক হলে গতকাল শনিবার তল্লাশি চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ রোববার বিশ্ববিদ্যালয় খুলছে। আজ সকাল ১০টায় ছাত্রদের হলগুলো খুলে দেওয়া হবে। হল প্রশাসনের সূত্রে জানা গেছে, হলের ভর্তি ফি দিয়েছেন এমন বৈধ বাসিন্দাদেরই কেবল হলে থাকতে দেওয়া হবে। তিন ছাত্র হলের বাসিন্দাদের মধ্যে ৯৩ শতাংশই অবৈধভাবে হলে থাকতেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ও পুলিশের উপস্থিতিতে শাহপরান হলে অভিযান চালায় হল প্রশাসন। এই হলে অভিযান চলে বেলা দুইটা পর্যন্ত। বিকেল পৌনে তিনটা থেকে সৈয়দ মুজতবা আলী হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ও পুলিশের সহযোগিতায় অভিযান চলে। একই সময়ে বঙ্গবন্ধু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের উপস্থিতিতে অভিযান চলে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান শেষ হয়।
অভিযানে শাহপরান হল থেকে ২১টি রামদা, ৭টি ছুরি, ৪৩টি লোহার পাইপ ও ৪৪টি রড উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু হল থেকে ৩৪টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি, ৩৭টি লোহার পাইপ ও ৮১টি রড এবং সৈয়দ মুজতবা আলী হল থেকে ৪টি রড উদ্ধার করা হয়।
ওই তিন হলের প্রাধ্যক্ষরা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ। জব্দ করার বিষয়টি নিশ্চিত করে পুলিশের সহকারী কমিশনার রাজন কুমার দাশ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার দিন (আজ) থেকে ক্যাম্পাসে পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হবে।
গত ২০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সংগঠনের এক কর্মী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রীদের দুটি হলই গতকাল খুলে দেওয়া হয়েছে। ছাত্রীরা হলে ফিরতেও শুরু করেছেন। ছাত্রদের তিনটি হল খোলা হবে আজ সকাল ১০টায়।
গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘৯৩ শতাংশ ছাত্র অবৈধভাবে ও ছাত্রীরা হলে থাকেন বৈধভাবে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬ ও ৭ জানুয়ারি দেখা হলের নথি অনুযায়ী বঙ্গবন্ধু হলের ৫০৮টি আসনের মধ্যে ১৯টিতে হলে ভর্তি ফি দেওয়া (বৈধ) ছাত্র ছিলেন। শাহপরান হলের ৪৪৭ আসনের মধ্যে ছিলেন ৫৫ জন। সৈয়দ মুজতবা আলী হলের ৬৪ আসনের একটিতেও বৈধ বাসিন্দা ছিলেন না। অথচ এই তিন হলের সব আসনেই শিক্ষার্থী ছিলেন। তিনটি হলই ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। আর দুটি ছাত্রী হলের সবাই বৈধভাবে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈধভাবে হলে উঠবেন। শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুত রয়েছেন। আশা করি শান্তিপূর্ণভাবে আবার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।’