তিন হাজার একর খাসজমি আ.লীগ নেতাদের দখলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে সরকারি খাসজমির ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) দেওয়া হয়নি। কিন্তু তাতে জমি চাষাবাদ থেমে থাকেনি। চাষ করেছেন প্রান্তিক কৃষক। কিন্তু ফসলের অর্ধেক দিতে হচ্ছে ক্ষমতাসীন দলের লোকজনকে।
এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের দেওয়া বিশেষ অনুমতিপত্র (স্লিপ) ছাড়া বন্দোবস্ত বা মালিকানা জমির ধান কাটতে পারছেন না কৃষক। টাকার বিনিময়ে এই স্লিপ দেওয়া হয়। ক্ষমতাসীন দলের লোকজন পুলিশের যোগসাজশে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন চরের।
উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন চরে কমপক্ষে তিন হাজার একর খাসজমি রয়েছে। প্রতিবছর জমি চাষাবাদের আগে (বৈশাখ মাসে) ডিসিআর দেওয়ার বিধান রয়েছে। তবে এবার বৈশাখ মাসে তা দেওয়া হয়নি।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান, চর ব্যারেট, চর নিমদী, চর কচুয়া, চর ফেডারেশনে প্রায় দেড় হাজার একর খাসজমি চাষ করাচ্ছেন আওয়ামী লীগের লোকজন। এ ক্ষেত্রে কৃষক পাচ্ছেন ফসলের সামান্য অংশ। এসব চরের বন্দোবস্ত জমি ও ব্যক্তিমালিকানাধীন জমির ধান কাটতে হয় ওই বিশেষ স্লিপের মাধ্যমেই। এ জন্য কৃষকের কাছ থেকে বন্দোবস্ত ও ব্যক্তিমালিকানাধীন জমির একরপ্রতি তিন শ টাকা এবং বিরোধপূর্ণ বন্দোবস্তি জমি বাটপ্রতি (দুই একর জমি) দুই হাজার টাকা নেওয়া হচ্ছে। ওই ইউনিয়নে এ রকম বিরোধপূর্ণ ৪২০ একর জমি আছে।
ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের নেতৃত্বে কয়েক বছর ধরে চরগুলোর ধান এভাবে লুটপাট হচ্ছে। তাঁর সহযোগীরা হলেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. ছিদ্দিকুর রহমান, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলম সিকদার। তাঁদের স্লিপ ছাড়া কেউ জমির ধান কাটতে পারছেন না। এতে তাঁদের সহযোগিতা করছে পুলিশ।
চর ব্যারেট এলাকার কৃষক কামাল মৃধা বলেন, ‘দেড় হাজার টাকা দেওয়ার পর বিশেষ স্লিপ নিয়ে পুলিশকে দেখিয়ে দেড় একর জমির ধান কেটে ঘরে তুলেছেন।’
সেলিম সিকদার নামে এক ব্যক্তি জানান, কবলাসূত্রে ও বন্দোবস্তের মাধ্যমে চর নিমদীতে ৫০টি পরিবার প্রায় ১১৫ একর জমির মালিক। কিন্তু গত পাঁচ বছর ওই জমির ধান জোর করে কেটে নিয়ে গেছেন ইব্রাহিম ফারুক ও তাঁর লোকজন। অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ফারুক জানান, ওই জমির মালিক সেলিম বা অন্য কেউ নন। জমিগুলো সরকারের এক নম্বর খাস খতিয়ানের। যাঁরা ডিসিআর পান, তাঁরাই ওই জমি ভোগদখল করেন।
আমির আলী বলেন, ‘ডিসিআর দেয় ভূমি কার্যালয়ের লোকজন। তারা কাকে দেয়, না দেয় তা আমার বিষয় না।’ তাহলে এ বছর কেন ডিসিআর দেওয়া হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’একইভাবে অভিযোগ অস্বীকার করেন ছিদ্দিকুর ও আলম।
একই অবস্থা উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর ও ইশান চরে। ওই দুটি চরে খাসজমির পরিমাণ প্রায় ছয় শ একর। এখানের জমির ফসল কবজা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশার খান ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মশিউর রহমান।
বশার খান অভিযোগ অস্বীকার করেছেন। তবে মশিউর ভাগ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘মালিকানা জমির ক্ষেত্রে যে যা খুশি দিয়ে ধান কেটে নিচ্ছে। এখনো খাসজমির ধান কাটা শুরু হয়নি। যাঁরা চাষাবাদ করেছেন তাঁদেরই ডিসিআর দেওয়ার সুপারিশ করা হবে।’
কাছিপাড়া ইউনিয়নের চর কাছিপাড়া, চর রঘুনাথ, চর পাকডাল ও চর কারখানায় প্রায় পাঁচ শ একর খাসজমি আছে। এ জমির কোনো ডিসিআর দেওয়া হয়নি। প্রান্তিক চাষিরাই চাষ করেছেন। এ জমি নিয়ন্ত্রণে রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের। অভিযোগ রয়েছে, তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) যোগসাজশে খাসজমির ধান লুটপাটের প্রক্রিয়া করছেন।
তহশিলদার আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, বাবুল দায়িত্বে থাকলেও প্রকৃত কৃষকদের কাছ থেকে ডিসিআরের আবেদন নেওয়া হচ্ছে। এখন কি ডিসিআর দেওয়ার সময়? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে উপজেলা ভূমি কার্যালয় বলতে পারবে। তবে বাবুল অভিযোগ অস্বীকার করেছেন।
ফসল কবজা করতে আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধান কাটতে চরাঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কৃষকেরা কোনো জামেলা ছাড়াই ধান কাটছেন।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘রোপণের সময় বিভিন্ন ঝামেলার কারণে ডিসিআর দেওয়া সম্ভব হয়নি। যাঁরা প্রকৃত চাষি, তাঁদের ডিসিআর দেওয়ার চেষ্টা করব।’