তিন হাজার কলাগাছ কেটে সাবাড়

বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান সেতু থেকে চণ্ডীহারা বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশের খেতের প্রায় তিন হাজার কলাগাছ গত শনিবার রাতে কেটে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক চাষি। তাঁদের ধারণা, নাশকতা বন্ধ করতে পুলিশ এগুলো কেটে ফেলেছে।
সরেজমিনে দেখা যায়, মহাস্থান সেতুর পর থেকে খেতের অনেক কলাগাছ কাটা হয়েছে। তবে বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি ও শিবগঞ্জ উপজেলার খুলাকাতী গ্রামের মাঠে সবচেয়ে বেশি কলাগাছ কাটা হয়েছে।
দিঘলকান্দি ও খুলাকাতী গ্রামের সাত-আটজন জানান, কয়েক দিন হচ্ছে ওই এলাকায় অবরোধকারীরা মাঝেমধ্যেই ট্রাক ভাঙচুর করে আসছে। পুলিশ তাদের একাধিকবার ধাওয়া করেছে। রোববার সকালে উঠে তাঁরা দেখতে পান দিঘলকান্দি গ্রামে নয়জনের, খুলাকাতী গ্রামে তিনজনের ও নাগরকান্দি গ্রামের একজনের প্রায় তিন হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছ থেকে তাঁদের কমপক্ষে সাড়ে সাত লাখ টাকা আয় হতো। তাঁরা সন্দেহ করছেন, পুলিশ ওই এলাকার কলাখেতের ভেতর নাশকতাকারীদের ওত পেতে থাকা বন্ধ করতে গাছগুলো কেটে ফেলেছে।
ঘটনার পর এলাকাবাসী ক্ষতিপূরণ আদায়ের দাবিতে সোচ্চার থাকলেও এখন ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ নাম প্রকাশ করে অভিযোগও করতে চান না। তাঁরা চান, যে ক্ষতি হয়েছে তা যেন পূরণ করে দেওয়া হয়।
খুলাকাতী গ্রামের তিন-চারজন বলেন, এ গ্রামে যাঁদের কলাখেত কাটা হয়েছে তাঁরা অত্যন্ত দরিদ্র। বিশেষ করে বাদশা মিয়া নামে এক ব্যক্তির ২০০ কলাগাছ কাটাতে গ্রামবাসী হতাশ হয়েছেন। কারণ, তাঁর আয়ের একমাত্র পথ ওই কলাখেত। এভাবে কলাগাছগুলো কেটে ফেলায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল বাদশা মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। দিঘলকান্দি গ্রামের আবু শাহীন বলেন, ‘আমার ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। এভাবে গাছ কেটে ফেলাতে আমাদের অনেক লোকসান গুনতে হবে।’ একই গ্রামের মিল্লাত প্রামাণিক বলেন, তাঁর ১১ শতক জমিতে শতাধিক গাছ লাগানো হয়েছিল। এক মাস পর কলা বিক্রি হতো। কিন্তু রাতের আঁধারে সব গাছ কাটা হলো। তাঁরও ধারণা নাশকতাকারীদের আস্তানা ভাঙতেই পুলিশ গাছগুলো কেটে ফেলেছে।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব বলেন, পুলিশ কলাগাছ কেটেছে—এ কথা মোটেও সত্য নয়। মহাসড়কের ওই এলাকাগুলোতে অবরোধকারীদের আসতে দেওয়া হচ্ছে না। এ কারণে নাশকতা করতে না পেরে দুর্বৃত্তরা আক্রোশমূলক গাছগুলো কেটে ফেলতে পারে।