তিন হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবৈধভাবে স্থাপন করা তিন হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন মাটি খুঁড়ে অপসারণের মাধ্যমে এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তিতাসের ঠিকাদারদের যোগসাজশে রাতের আঁধারে এসব সংযোগ নেওয়া হয়। অবৈধ গ্যাস-সংযোগকারী ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের ম্যানেজার শহিরুল ইসলাম খান, উপব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান ও জাফরুল আলম খানসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের ম্যানেজার শহিরুল ইসলাম জানান, ফতুল্লার মুসলিমনগর, নরসিংপুর, খালপাড়, দক্ষিণপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ঠিকাদারদের যোগসাজশে রাতের আঁধারে অবৈধভাবে কয়েক হাজার আবাসিক সংযোগ নেয়। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মাটি খুঁড়ে মূল লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়া তিন হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এতে করে এক হাজারের বেশি অবৈধ আবাসিক লাইন বিচ্ছিন্ন হয়েছে।