তিন 'চাঁদাবাজের' কাছ থেকে ১৩৪৫ টাকা জব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত থেকে চাঁদা তোলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩শ ৪৫ টাকা। চাঁদাবাজির রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত অবশ্য পুলিশের রিমান্ড আবেদনে মঞ্জুর না করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন, টাঙ্গাইলের সোনা মিয়া (৪৩)। যাত্রাবাড়ীর জাহাঙ্গীর (২০) এবং খুলনার নুর ইসলাম (৫৮)। পুলিশ বলছে, যাত্রাবাড়ীর মোড় এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজ চক্রের প্রধান সোনা মিয়া। তাঁর দেহ তল্লাশি করে ৫৫০ টাকা জব্দ করা হয়েছে। জাহাঙ্গীরের কাছ থেকে ৪৪৫ টাকা ও নুর ইসলামের কাছ থেকে ৩৫০ টাকা জব্দ করেছে পুলিশ।

সোনা মিয়ার আইনজীবী হুমায়ুন কবীর আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেল সোনা মিয়ার টং দোকান আছে যাত্রাবাড়ীতে। কিন্তু পুলিশকে চাঁদা না দেওয়ায় চাঁদাবাজির এ মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে তোলা হয়েছে। আইনজীবী হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, সোনা মিয়াসহ তিনজনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। সোনা মিয়ার পক্ষে তিনি আদালতকে জানান, পুলিশকে চাঁদা না দেওয়ায় এই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত আর সোনা মিয়াসহ অন্যদের রিমান্ড দেননি।

আসামিপক্ষের অভিযোগ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) আবদুল কাদির প্রথম আলোকে বললেন, সোনা মিয়ার কোনো দোকান নেই। কোনো পেশা নেই। কীভাবে চলে তাঁর সংসার? পুলিশ কর্মকর্তা কাদির বললেন, সোনা মিয়াসহ অন্যরা যে চাঁদাবাজ তা প্রমাণ করা হবে। রাস্তার দোকান থেকে তোলা চাঁদার টাকাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।

মামলায় বলা হয়, সোনা মিয়া, জাহাঙ্গীর ও নুর ইসলাম দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী চৌরাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করে আসছিল। তাঁদের সহযোগী আসামিরা হলেন সেলিম মিয়া, ফয়সাল, লিটন, রাসেল, শামীম ও জসীম। পুলিশ বলছে, সোনা মিয়ার সহযোগীরা পলাতক আছেন। তাঁরা নিয়মিতভাবে চাঁদাবাজি করে আসছে। রোববার এ মামলা করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।