তিন 'জেএমবি সদস্য' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ ও জামালপুরে গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল সোমবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ পাড়ইল গ্রামের নিজ বাড়ি থেকে আবুল কালাম আজাদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নওগাঁ পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির ওসি মোস্তফা কামাল বলেন, আবুল কালাম জেএমবি সদস্য। পুলিশের ওপর হামলার অভিযোগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নওগাঁ সদর থানায় আবুল কালামের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ধারাবাহিক বোমা হামলার সঙ্গে আবুল কালামের সম্পৃক্ততা আছে। এ ব্যাপারে নওগাঁর মান্দা থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলাও আছে। গ্রেপ্তারের পর তাঁকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, গতকাল আদালতের নির্দেশে আবুল কালামকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, গত রোববার রাতে নওগাঁর রানীনগর এলাকা থেকে কাজী মোজাফ্ফর হোসেন (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ। মোজাফ্ফর জেএমবি সদস্য ও বাংলা ভাইয়ের সাবেক সহযোগী বলে পুলিশের ভাষ্য। রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, মোজাফ্ফরের বিরুদ্ধে রানীনগর থানায় হত্যাসহ একাধিক হত্যা মামলা আছে। তিনি গোপনে জেএমবিকে সংগঠিত করছেন—এমন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, রোববার রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার টুপকার চর পাইলিং এলাকা থেকে মো. সুলতান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম বলেন, সুলতান একজন জেএমবি সদস্য। একটি গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ পাইলিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তবে বৈঠকে থাকা বাকিরা পালিয়ে গেছেন। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।