তিন 'জেএমবি সদস্য' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় র‌্যাব-১১–এর সদস্যরা অভিযান চালিয়ে জেএমবির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার আবদুর রহমান ওরফে সোহেল (২৫) ও কুমিল্লার দাউদকান্দির ফয়সাল আহমেদ (৪৪)। তাঁরা নিহত জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছেন র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমান ও ফয়সাল স্বীকার করেন, তাঁরা নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১৩-এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আবদুস সাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছেন। গতকাল দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বাজার থেকে তাঁকে আটক করা হয়।

নীলফামারী র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বলেন, আটক জেএমবি সদস্য আবদুস সাত্তার পাগলের বেশ ধরে ওই বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন।