তিন 'ভুয়া ডিবি সদস্য' গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অস্ত্র, গুলি, মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই তিনজন হলেন সামছুল হক হাওলাদার (৪৫), কামাল মৃধা (৩০) ও আমির হোসেন ওরফে বাবু (২৮)।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে ডিবির (পূর্ব বিভাগের) একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, এক জোড়া হাতকড়া ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ওয়েব পোর্টাল ডিএমপি নিউজে আজ সোমবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির কাছ থেকে জানা যায়, তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, রাজধানীর চকবাজারের উমেশ দত্ত রোডে পার্কিং করা একটি ট্রাক তল্লাশি করে ১ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে চকবাজার থানার পুলিশ। তবে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডিএমপি নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হবে।