তিনজন খুন, একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে গতকাল সোমবার প্রতিপক্ষের ঘুষিতে এক যুবক মারা গেছেন। একই দিন ময়মনসিংহের ভালুকায় পুলিশ এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। আগের দিন রোববার রাতে সুনামগঞ্জ সদরে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে করে এক কিশোর ও কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতেরা শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যা করেছে।
দেবীদ্বারে নিহত হয়েছেন ঝিনাইয়া গ্রামের জসিম উদ্দিন (৩৫), চৌদ্দগ্রামে লালবাগ গ্রামের আলী আকবর (৭৫) ও সুনামগঞ্জে শহরতলির মাইজবাড়ি গ্রামের বদিপুর এলাকার আজমত আলীর ছেলে ইয়াকুব মিয়া (১৬)। ভালুকায় উদ্ধার করা লাশটি প্রভাত চন্দ্র সমদ্দার (৪৪) নামের এক ব্যক্তির। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রাজাপুর গ্রামে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লা: ঝিনাইয়া গ্রামের জসিম উদ্দিন প্রতিবেশী হুমায়ুন মিয়ার জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছিলেন। গতকাল সকাল ১০টার দিকে জসিম ওই জমি থেকে কিছু মাটি বাড়ি নিয়ে যান। এ খবর পেয়ে হুমায়ুন মিয়া একই গ্রামের রুক্কু মিয়া, নুরুল ইসলাম, খোরশেদ আলম, জীবন মিয়াসহ সাতজনকে নিয়ে জসিমের বাড়ি ভাঙচুর করেন। বাধা দিতে গেলে রুক্কু মিয়ার ঘুষিতে জসিম অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রোববার রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার লালবাগ গ্রামে ডাকাতদের হাতে প্রাণ হারিয়েছেন আলী আকবর (৭৫) নামের এক ব্যক্তি। ডাকাতেরা আলী আকবরের বাড়ির চার ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে আট ভরি স্বর্ণ, মালামালসহ অন্তত ২০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ময়মনসিংহ: প্রভাত চন্দ্র সমদ্দার কয়েক বছর ধরে কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট (সিএইচসিপি) নামের একটি বেসরকারি সংস্থার ভালুকার বিরুনীয়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ভোরে স্থানীয় লোকজন অফিসের দরজা ও জানালা খোলা অবস্থায় ভেতরে প্রভাত চন্দ্রের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল সাড়ে নয়টার দিকে ভালুকা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ : রোববার রাত সাড়ে ১০টার দিকে বদিপুর এলাকায় বহিরাগত কয়েকজন যুবকের ঘোরাঘুরি নিয়ে এলাকার ইয়াকুব আলী, সুলতান আহমদ ও আবদাল হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বহিরাগতদের একজন ইয়াকুব মিয়াকে ছুরিকাঘাত করে। সুলতান আহমদ এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। বহিরাগতরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করেন। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব ও সুলতানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, প্রেম-সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।