নওগাঁর পত্নীতলা উপজেলায় এক ব্যবসায়ী অপহরণের শিকার হওয়ার ২৭ ঘণ্টার মাথায় গত রোববার রাতে উদ্ধার হয়েছেন। অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারে কাঁচামালের ব্যবসা করে আসছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, গত শনিবার বিকেল পাঁচটার দিকে নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নজরুলকে কৌশলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর তারা নজরুলের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার পর্যায়ক্রমে ১ লাখ ৪০ হাজার টাকা অপহরণকারীদের কাছে পৌঁছে দেয়। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল রোববার রাত আটটার দিকে মহাদেবপুর উপজেলার কালুশহর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় নজরুলকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে রশিদুল ইসলাম (২৫), লুৎফর রহমানের ছেলে কোরবান আলী (৩৫) ও ইসহাক সরদারের ছেলে সুমন মাহমুদ (২২)। তাঁদের কাছ থেকে মুঠোফোন, সিমকার্ড, মেমোরি কার্ড ও ৪৭ হাজার টাকা জব্দ করেছে র্যাব। ওসি বলেন, রোববার রাতেই র্যাব আটক তিনজনকে থানায় সোপর্দ করে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।