নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছিনতাই হওয়া ডিমবোঝাই পিকআপ রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার খানের বাড়ি এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ার উজলী বাজার থেকে ২৮ হাজার ডিম নিয়ে একটি পিকআপ নারায়ণগঞ্জের কাশিপুর খিল মার্কেটের তাসমিয়া এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হয়। রাতে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ভুইগড় এলাকায় একদল ছিনতাইকারী পিকআপটির গতিরোধ করে। তারা পিকআপের চালক ও সহকারীর হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে চালক পুলিশকে এ ঘটনা জানালে রাতেই রূপগঞ্জ থানার পুলিশের একটি দল পিকআপটি উদ্ধার করে। এ সময় তারা ওয়াসীম, মো. শরিফ ও শাহজাহান নামের তিনজনকে গ্রেপ্তার করে।