তিনজন গ্রেপ্তার, ক্যামেরা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক যতীন্দ্র মোহন চৌধুরী (৬৬) ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার সন্ধ্যার পর পুলিশ নন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ সাংবাদিকের লুট হওয়া ক্যামেরাটিও উদ্ধার করে তাঁদের কাছ থেকে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের মাঞ্জু মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫), সিরাজুল ইসলামের ছেলে আলমগীর মিয়া (২০) এবং রমজান মিয়ার ছেলে মামুন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যতীন্দ্র মোহন চৌধুরী জেলা থেকে প্রকাশিত দৈনিক সরোদ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী সাংগঠনিক কমান্ডার। এ ছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য। তিনি ১০ জুন সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে উপজেলার শাহবাজপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় আগে থেকেই চালকসহ চার ছিনতাইকারী বসা ছিলেন। বিশ্বরোড মোড় থেকে কিছুদূর যাওয়ার পর মহাসড়কের উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় চালকের সহায়তায় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত ও মারধর করে একটি নাইকন ডি-৪০ ক্যামেরা, দুটি মুঠোফোন সেট, দুটি পেনড্রাইভ, তিনটি মেমোরি কার্ড, একটি ঘড়ি, কিছু টাকা ও মূল্যবান কাগজপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন।

পরে ওই সাংবাদিককে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে ফেলে দেন তাঁরা। পরদিন যতীন্দ্র মোহন বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেন। এরপর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর গত শুক্রবার রাতে থানাহাজতে থাকা অবস্থায় তিন যুবক সাংবাদিকদের উপস্থিতিতে যতীন্দ্র মোহনের ওপর হামলা এবং ক্যামেরাসহ মালামাল লুটের কথা স্বীকার করেন।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রথম আলোতে ১২ ও ১৫ জুন দুটি সংবাদ প্রকাশিত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, ওই যুবকদের বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।