
কুষ্টিয়ায় অপহরণের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলাম লিপু হত্যায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৌহিদুলের লাশ উদ্ধারে ব্যর্থ হওয়ায় তাঁর স্বজনেরা স্থানীয় ডুবুরিদের দিয়ে পদ্মা নদীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত লাশের সন্ধান মেলেনি।
গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া তিনজনকে হাজির করা হয়। তাঁরা হলেন রাকিবুল ইসলাম ওরফে বাপ্পী, তাঁর সৎমা আনোয়ারা বেগম ও তৌহিদুলের আত্মীয় শুভ। তাঁদের দেখে কান্না ও ক্ষোভে ফেটে পড়েন তৌহিদুলের মা সামসুন্নাহার ও বোন ফারজানা সুমিসহ অন্য স্বজনেরা। সংবাদ সম্মেলনেই তাঁরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। স্বজনেরা বলেন, অপহরণের পরদিন পুলিশ রাকিবুলকে ধরার পর ছেড়ে দেয়। ওই সময় তাঁকে আটক করে আরও জিজ্ঞাসাবাদ করলে তৌহিদুলকে ফেরত পাওয়া সম্ভব হতো।
সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডার আলী হায়দার বলেন, হত্যায় জড়িত বাকি আসামিদের ধরতে র্যাবের একাধিক দল ব্যাপক অভিযান চালাচ্ছে। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তৌহিদুলের লাশ উদ্ধারে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামের পাশে পদ্মা নদীতে ব্যাপক অভিযান চালানো হয়।
গত ৩১ আগস্ট বিকেলে তৌহিদুলকে অপহরণ করা হয়। পরের দিন দিবাগত রাতে তাঁকে হত্যার পর লাশ পদ্মায় ফেলে দেওয়া হয় বলে রাকিবুল র্যাব ও সাংবাদিকদের কাছে স্বীকার করে বক্তব্য দেন।
গত শুক্রবার রাতে রাকিবুলকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করে র্যাব।