তিনজন গ্রেপ্তার, মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাতে সাত-আটজন দুর্বৃত্ত মন্দিরে ঢুকে ভবসিন্ধু বরকে কুপিয়ে জখম করে। তিনি ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ধুলিহর গ্রামের জাহিদুর রহমান, ওয়ারিয়া গ্রামের বাসিন্দা ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক নূরুল বাসার এবং খুলনার কয়রা উপজেলার মোস্তাফিজুর রহমান।
মামলার তদন্তভার পাওয়া জেলা ডিবির পরিদর্শক ইনামুল হককে জানান, রোববার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নূরুল বাসার ও মোস্তাফিজুর রহমানকে খুলনার ডুমুরিয়া থানার চুপনগর এলাকা থেকে এবং জাহিদুর রহমানকে ব্রহ্মরাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তবে নূরুল বাসারের বাবা ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের রোকন আবদুল বারী প্রথম আলোকে বলেন, শনিবার সকালে তাঁর ছেলে বাসার ও মোস্তাফিজুর রহমান খুলনায় যাওয়ার পথে চুপনগর এলাকা থেকে নিখোঁজ হন। তাঁর ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি জানান, মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে তিনি তাঁর ভাই ওলিউর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কয়েক শ লোক এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।