তিনজনকে অচেতন করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মচারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক এক ছাত্রসহ তিনজনকে অচেতন করে দুর্বৃত্তরা প্রায় আড়াই লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ও গত শুক্রবার এ ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, তারা এ ব্যাপারে কিছুই জানে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে বাফুফের কর্মচারী আবুল বাশার গুলশানে বাফুফের এক কর্মকর্তার বাসায় যান। তিনি ওই কর্মকর্তার কাছ থেকে দাপ্তরিক কাজের জন্য এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে মতিঝিলে বাফুফে কার্যালয়ের দিকে রওনা দেন। গুলশান থেকে তিনি একটি মিনিবাসে ওঠেন। কিন্তু দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে মতিঝিলের নটর ডেম কলেজের সামনের সড়ক থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সঙ্গে থাকা টাকার কোনো হদিস মেলেনি।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি।

সূত্র জানায়, গতকাল সকালে গাবতলী থেকে বাসে উঠে বংশালের উদ্দেশে রওনা দেন জাহাঙ্গীর আলম (৪০) আলম নামের এক জুতা ব্যবসায়ী। বংশাল থেকে জুতা তৈরির সরঞ্জাম কেনার জন্য সঙ্গে নেন এক লাখ তিন হাজার টাকা। কিন্তু রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসচালক ও সহযোগীরা আসনে তাঁকে অচেতন অবস্থায় পান। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে থাকা টাকার খোঁজে পাওয়া যায়নি। 

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এম এ আনসার প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। 

আবার গত শুক্রবার দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক এক ছাত্র অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চার হাজার টাকা ও মুঠোফোন হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আবদুল কাইয়ুম নামের ওই ছাত্র গত শুক্রবার ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হন। তখন আব্বাস নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই যুবকের সঙ্গে তিনি হাঁটতে হাঁটতে রমনা পার্কে যান। তখন ওই যুবক তাঁকে কিনে কোমল পানীয় খাওয়ান। এরপর আবদুল কাইয়ুম অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই এ কে আজাদ প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁরা পাননি।