ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তিনজন অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার রাতে উপজেলার দোহার গ্রামে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
অ্যাসিড হামলার শিকার ব্যক্তিরা হলেন উপজেলার মাধবপুর গ্রামের মো. রফিক (৩৫), পাশের দোহার গ্রামের আবু বক্কর (৪৫) ও মোটরসাইকেলচালক মো. রাফাত (৩৫)। তাঁদের ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, ৩৬ শতক জমি নিয়ে মাধবপুর গ্রামের রফিকের সঙ্গে পাশের সাদুল্যাপুরে গ্রামের আজিজ তালুকদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমির মালিকানা রফিকের নামে থাকলেও দীর্ঘ দিন ধরে আজিজ জোর করে তা ভোগ করে আসছিলেন। সম্প্রতি রফিক ওই জমি আবু বক্করের কাছে বিক্রির সিদ্ধান্ত নেন। শুক্রবার রাতে রাফাতের ভাড়ায়চালিত মোটরসাইকেলে চড়ে রফিক ও আবু বক্কর দোহার গ্রাম থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে আজিজের ভাতিজা আমিরুল তালুকদার ও মোখশেদসহ পাঁচ থেকে ছয়জনের একটি দল তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাঁদের লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবু বক্কর, রফিকুল ও রাফাত প্রথম আলোকে জানান, আমীরুল ও মোখশেদ তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন।
হাসপাতালের শিক্ষানবীশ চারজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘মুখ-চোখসহ তিনজনের শরীরের ছয় থেকে আট শতাংশ অ্যাসিডে ঝলসে গেছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।’
গতকাল সন্ধ্যায় তারাকান্দা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।