
ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী ওরফে মিঠু (২৫) ও আমিনুল মল্লিক (৩৫)।
র্যাবের দাবি, আটক হওয়া তিনজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এঁদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি ওই দুজনকে হত্যার মূল পরিকল্পনাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী।
গত সোমবার রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। তবে তাঁরা হত্যার ঘটনায় জড়িত কি না, তা গতকাল রাত পর্যন্ত নিশ্চিত করেনি অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী কর্তৃপক্ষ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই তিনজনকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘অভিজিৎ হত্যার দিন (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে আলোচনায় বসেছিলেন রমজান, নাঈম, সাদেক, জুলহাস ও জাফরান নামে পাঁচজন। এর দুই ঘণ্টা পরে রমজান ও নাঈম চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে অভিজিৎকে।’ পাঁচজনের এই দলটিই ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করেন বলে দাবি করেন মুফতি মাহমুদ।
সংবাদ সম্মেলন শেষে সাদেক আলী সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি শুনেছেন, রমজান ও নাঈম চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎকে হত্যা করেছেন। পরে একইভাবে অনন্তকে খুন করা হয়। দুটি হত্যাকাণ্ডের সময়ই তিনি ঢাকায় তাঁর বোনের বাসায় অবস্থান করছিলেন।
র্যাবের কর্মকর্তারা জানান, সাদেক আলীর জন্ম ও বেড়ে ওঠা রাজধানীর নীলক্ষেতে। এখানে তাঁর বাবার রেস্তোঁরার ব্যবসা রয়েছে। ওই রেস্তোঁরার সামনে একটি প্রেসে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানির বই ছাপানো হতো। মাঝে মাঝে জসীমউদ্দীন সেখানে আসতেন। রেস্তোঁরার কাজের ফাঁকে প্রেসের কম্পিউটারে বসে কম্পোজ করাসহ বিভিন্ন কাজ শিখছিলেন সাদেক। সেখানে ২০০৭ সালের দিকে জসীমউদ্দীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ঢাকা কলেজ থেকে মাস্টার্স পাস করেন সাদেক। তিনি ৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষাতেও অংশ নেন। এরই মধ্যে জসীমউদ্দীনের ভক্ত হয়ে যান সাদেক। জসীমউদ্দীন গ্রেপ্তার হওয়ার পরে কাশিমপুর কারাগারে তাঁর সঙ্গে দেখা করে সংগঠন পরিচালনার নির্দেশনা নিয়ে আসতেন তাঁর ভাই আবুল বাশার। সাদেক আলী দুবার বাশারের সঙ্গে কাশিমপুর কারাগারে গিয়েছিলেন। সর্বশেষ গত ২১ মে একটি নতুন চশমা, ইসবগুলের ভুসি ও কিছু ওষুধ কাশিমপুর কারাগারে জসীমউদ্দীনকে দিয়ে আসেন সাদেক। জসীমউদ্দীন কারাগার থেকে তৌহিদুরের মাধ্যমে প্রধান হত্যাকারী রমজান ও নাঈমের কাছে নির্দেশনা পাঠাতেন।
কর্মকর্তারা আরও বলেন, গ্রেপ্তারের পর সাদেক জানান, হত্যাকাণ্ডের সব নির্দেশনা দিতেন ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান। আর দুটি ঘটনাতেই মূল হত্যাকারী ছিলেন রমজান ও নাঈম।
কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক তৌহিদুর একসময় বিমানে চাকরি করতেন। ১৯৯১ সালে তিনি যুক্তরাজ্যে যান। ২০০৭-২০০৮ সালের দিকে জসীমউদ্দীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি প্রায়ই তাঁকে অর্থ দিয়ে সাহায্য করতেন। আটক হওয়া আরেকজন আমিনুল মল্লিক পাসপোর্টের দালাল। তাঁর মাধ্যমে ভুয়া নাম দিয়ে পাসপোর্ট বানিয়ে দেশের বাইরে পালিয়েছেন আনসারুল্লাহর সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজিৎ ও অনন্ত হত্যার পরে সাদেক, জুলহাস ও জাফরান অনলাইনে হত্যার দায় স্বীকার করে বিভিন্ন নামে মেইল বা পোস্ট ছড়িয়ে দিতেন। এসবেরও নির্দেশদাতা তৌহিদুর।
গতকাল বিকেলে এই তিনজনকে ডিবির কাছে হস্তান্তর করেছে র্যাব। লেখক অভিজিৎ হত্যা মামলা তদন্ত করছে ডিবি। তবে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, এই তিনজনকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলছেন।