তিনজনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানকে (২৪) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেলান্দহ থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন চাকদহ সরদারপাড়া গ্রামের মাহফুজুর রহমান (২৭), তাঁর ভাই ইদ্রিস আলী (৩৩) ও একই গ্রামের নিজাম উদ্দিন (২৮)। মাহফুজুর রহমান যুবলীগের নেতা মাহমুদুর রহমানের চাচাতো ভাই।
থানা-পুলিশ সূত্র জানায়, মাহমুদুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই মাহফুজুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গত সোমবার সন্ধ্যার দিকে বাড়িতে দুজনের মধ্যে ঝগড়া বাধে। এ সময় মাহমুদুর রহমানকে দা দিয়ে কোপ দেন মাহফুজুর রহমান। মাহমুদুরকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহমুদুর রহমানের বড় ভাই আজিজুর রহমান তিনজনকে আসামি করে গতকাল মামলা করেন। আসামি মাহফুজুর রহমানকে সোমবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে। গতকাল দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম বলেন, বাকি দুজন আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাঁদের ধরা হবে।