টাকার বিনিময়ে অন্যের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ও জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম সরদার এ দণ্ড দেন।
গত বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ও জালিয়াতি করার অভিযোগে মো. ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম, মো. আমানুল্লাহ, তামিদ মো. ইমতিয়াজ, জেকি ত্রিপুরা, মো. শাকিল হোসেন, মহসিন মিয়া ও জাহিদ হোসেনকে আটক করা হয়। ‘বি-১’ ইউনিটের আওতাধীন বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম ও মো. আমানুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. শাকিল হোসেন, মহসিন মিয়া, জাহিদ হোসেনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর মো. ইমতিয়াজ, জেকি ত্রিপুরার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। যাঁরাই জালিয়াতির চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল সকালে স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘বি-৫’ ইউনিটের (নাট্যকলা) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা করার অভিযোগে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নাম মো. আলী রাজ রাজু চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, আলী রাজকে ভর্তি পরীক্ষা চলাকালে কলা অনুষদের ৪২৬ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। পরীক্ষা শুরুর ৫ মিনিট পর তিনি মুঠোফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তোলেন। ছবিটি ইন্টারনেটের মাধ্যমে বাইরে পাঠানোর চেষ্টা করেন। এ সময় হলের পরিদর্শক তাঁকে আটক করেন। তিনি বলেন, রাজুকে হাটহাজারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।