তিনজনকে কুপিয়ে দরজায় তালা দিয়ে যায় দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের মতো একই ধরনের হামলার শিকার হলেন তাঁর বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দুর্বৃত্তরা রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসুকে নৃশংসভাবে কোপানো হয়। হামলার পর কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় দুর্বৃত্তরা।
আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক মাহফুজুর রহমান জানান, আহমেদুর রশীদের মাথায় কয়েকটি কোপ দেওয়া হয়েছে। কোপের আঘাতে তারেকের মাথার খুলি কেটে গেছে। তবে মস্তিষ্কে আঘাত লাগেনি। তাঁর দুই হাতের কবজির ওপরের হাড় ভেঙে গেছে। কোমরে গুলির আঘাতও রয়েছে। গুলিটি হাড়ের সঙ্গে আটকে আছে। রণদীপমেরও মাথায় কোপানো হয়েছে, হাতে ও ঘাড়ে কোপ আছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারি মাসে বইমেলা চলার সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশ করে শুদ্ধস্বর। অভিজিৎ খুনের ঘটনায় জঙ্গিরা জড়িত বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। গতকালের হামলার পর পুলিশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, অভিজিৎ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এ হামলা চালিয়েছে। অভিজিৎ খুনের ঘটনায় কাগজে-কলমে আটজনকে গ্রেপ্তার দেখানো হলেও কেউ খুনের কথা স্বীকার করেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহমেদুর রশীদ প্রথম আলোকে বলেন, আসছে একুশের বইমেলায় কী বই থাকবে তা নিয়ে রণদীপম বসু কথা বলছিলেন। এ সময় তাঁর বন্ধু প্রকৌশলী তারেক রহিমও উপস্থিত হন। বেলা আড়াইটার দিকে পাঁচ-ছয়জন যুবক হঠাৎ করে কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। প্রত্যেকেরই পরনে ছিল প্যান্ট-শার্ট। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের মধ্যে একজন গুলিও চালায়।
আহমেদুর রশীদ বলেন, গত মার্চে ফেসবুকে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ধর্মের বিরুদ্ধে লেখা ও প্রকাশনায় ছাপানোর কারণে ফয়সাল আরেফিন দীপন, রিয়াজ ও তাঁকে জ্বালিয়ে-পুড়িয়ে মারা হবে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। থানা-পুলিশ মাঝেমধ্যে এসে খোঁজখবর নিত। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছিলেন। তিনি বলেন, কয়েক দিন ধরে তাঁকে অনুসরণ করা হচ্ছিল। বিষয়টি তিনি টেরও পেয়েছিলেন। এরপর থেকে বিভিন্ন পথ ব্যবহার করে সাবধানে চলাফেরা করছিলেন।
আহত আরেকজন রণদীপম বসু প্রথম আলোকে বলেন, কয়েকজন আচমকা তাঁদের ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। আহত অবস্থায় তাঁরা মেঝেতে লুটিয়ে পড়েন। অনেক কষ্টে উঠে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে তালা লাগানো থাকায় দরজা খুলে বের হতে পারছিলেন না। এ সময় প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করার চেষ্টা করেন। হাত অনেকখানি কেটে যাওয়ায় পকেটে ঢোকাতে পারছিলেন না। পরে ডান হাতের একটি আঙুল কেটে গেলেও ওই হাতটি কষ্ট করে পকেটে ঢুকিয়ে মোবাইল ফোনটি বের করেন। পরিচিত ব্যক্তিদের ফোন করে পুলিশকে তাঁদের উদ্ধার করাতে বলেন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
শুদ্ধস্বরের একজন প্রত্যক্ষদর্শী কর্মীর বরাত দিয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, প্রধান ফটক দিয়ে প্রথমে একজন যুবক শুদ্ধস্বরের কার্যালয়ে ঢোকে। তার পেছনে আরও এক যুবক ঢোকে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকে প্রতিষ্ঠানের একজন কর্মচারী এবং ওই কার্যালয়ে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ওয়াসিকুলকে জিম্মি করে আরেকটি কক্ষে নিয়ে আটকে রাখে। একপর্যায়ে দুর্বৃত্তরা আহমেদুর রশীদ, তারেক রহিম ও রণদীপমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে গুলির শব্দও শোনা যায়। এরপর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায়।
আহত অবস্থায় বেলা সোয়া তিনটার দিকে রণদীপম বসু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তাঁদের অবস্থা জানান। ‘কুবাইছে (কুপিয়েছে), আমি, টুটুল ভাই আর তারেক’—শুধু একটুকুই তিনি লিখতে পেরেছেন।
ঘটনা কীভাবে জানলেন—এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার জানান, কার্যালয়ে আটকে পড়া ওয়াসিকুল মোবাইল ফোনে এসএমএস করে হামলার খবর জানান। সেখানে লেখা ছিল ‘আমাদের বাঁচান’। এ সময় তিনি মোহাম্মদপুর থানায় ছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়। চার-পাঁচ মিনিটের মধ্যে হামলার পুরো ঘটনা ঘটেছে জানিয়ে বিপ্লব কুমার সরকার মনে করছেন। হামলাকারীরা সংখ্যায় পাঁচজন হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মিজান জানান, কার্যালয়ের দুটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় রক্ত পড়ে ছিল। ঘটনাস্থলে গুলির একটি খোসা এবং একটি তাজা গুলি পাওয়া গেছে।
শুদ্ধস্বরের কার্যালয় ভবনের এক দোকান কর্মচারী বলেন, ‘চিৎকার শুনে সামনে দেখি, একটি মোটরসাইকেলে করে তিনজন দ্রুত বের হয়ে যাচ্ছে। নিচের কলাপসিবল গেটটিতেও তালা মেরে দিয়েছিল হামলাকারীরা। পুলিশ এসে ওই তালা খোলে।’
আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আত্মীয়স্বজন, বন্ধু-শুভানুধ্যায়ী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান গতকাল হাসপাতালে সাংবাদিকদের বলেন, কারা হামলা করেছে, তা এখনো বলার সময় আসেনি। তবে গতকাল রাজধানীতে ঘটে যাওয়া দুটি ঘটনা একই চক্রের কাজ হতে পারে।
যে বাড়িটি শুদ্ধস্বরের কার্যালয়, সেটি লালমাটিয়ার সি ব্লকের আশপাশের ভবনগুলোর চেয়ে বেশ পুরোনো। বাড়ির সামনের সড়ক ছোট হলেও এটি সব সময় যানবাহন ও লোকজন চলাচল করে। পাঁচতলার বাড়ির চতুর্থ তলায় শুদ্ধস্বরের কার্যালয়। এক, দুই ও তিনতলায় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। সব সময় নিচতলার গেটটি খোলা থাকে।