তিনজনকে কুপিয়ে ডাকাতি, মামলা দস্যুতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্তাসহ তিনজনকে কুপিয়ে গতকাল রোববার ভোরে রাজধানীর গোড়ানের একটি বাড়ি থেকে টাকাপয়সা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ডাকাতদের হামলায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক এ কে এম গোলাম কবির, ভাড়াটে ফয়েজ উদ্দিন ও তাঁর আত্মীয় ফরিদ উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গোলাম কবির বলেন, পূর্ব গোড়ানের চারতলা ওই বাড়ির তিনতলায় থাকেন তিনি। অন্য তলাগুলো ভাড়া দেওয়া। ভোর চারটার দিকে গ্রিল কেটে সাত-আটজন ডাকাত বাসার তৃতীয় ও চতুর্থ তলায় ঢুকে অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে। তারা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ডাকাতেরা ৩০ ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তবে এ ঘটনায় দস্যুতার অভিযোগে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। গতকাল সন্ধ্যায় এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাপাতিসহ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।

সাধারণত অস্ত্রের মুখে লুটের ঘটনার ক্ষেত্রে পাঁচজন বা তার অধিক ব্যক্তি জড়িত থাকলে সেটি আইনের ভাষায় ডাকাতি। পাঁচজনের নিচে হলে দস্যুতা বলে বিবেচিত হয়।