তিনজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় গতকাল মঙ্গলবার মেয়ের সামনে গুলি করে ও কুপিয়ে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কামাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে সোমবার দিবাগত রাতে পুলিশ যশোর সদর উপজেলার বড়-রাজাপুর গ্রাম থেকে তুলে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুজনকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সিংড়া উপজেলার কালিনগর গ্রামের কামাল হোসেন তাঁর মেয়ে নাজনিন হোসেনকে (৮) বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে কালিনগর-বিলদহর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে বাবা-মেয়েকে ঘিরে ধরে। একপর্যায়ে কামাল হোসেনকে গুলি করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে কয়েক টুকরো করা হয়। এরপর লাশের টুকরোগুলো বস্তায় ভরে পাশের গুড়নাই নদে ফেলে দেওয়া হয়।
তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার পরপরই নিহতের ছোট ভাই বদর উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অচেতন অবস্থায় ভাতিজি নাজনিনকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুড়নাই নদে একটি জালে আটকে থাকা অবস্থায় কামালের মস্তকহীন লাশ উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কামাল হোসেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ১৯৯৫ সালে কামালের চাচা মোবারক হোসেন ওরফে মুবাকেও দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
এদিকে ঝিনাইদহে গুলিতে নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার বড়-রাজাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং একই গ্রামের ভদো বিশ্বাসের ছেলে আবদুল হাদি (৩৬)। দুজনেরই মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বড়-রাজাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাত ১২টার দিকে সোহাগ, হাদিসহ আমরা বাড়ির সামনে একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। সেখান থেকে যশোর কোতোয়ালি ও স্থানীয় খাজুরা ফাঁড়ির পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর অপু ও মহসিন নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর কালীগঞ্জে নিয়ে সোহাগ ও হাদিকে গুলি করে হত্যা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর খোঁজখবর নিয়ে দুজনের পরিচয় জানা যায়। ওসি দাবি করেন, একজনের শরীরে দুটি এবং অন্যজনের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।