তিনজনকে পিটিয়ে হত্যা, দুজনের লাশ উদ্ধার
কুমিল্লার বরুড়া, চাঁদপুরের কচুয়া এবং মৌলভীবাজারের কুলাউড়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। চাঁদপুর শহর থেকে এক স্কুলছাত্রী ও সিলেটের বিয়ানীবাজার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন বরুড়া উপজেলার সুদ্রা গ্রামের আবদুল খালেকের ছেলে মো. সুমন মিয়া (২৫), কচুয়া উপজেলার আইনপুর গ্রামের রাজমিস্ত্রি আলমগীর (৩৫), ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সফিকুল ইসলামের মেয়ে সাবরিনা রিয়া (১৪), কুলাউড়া উপজেলার ক্লিভডন চা-বাগানের বাসিন্দা অনিল চাষা (৫০) ও বিয়ানীবাজার উপজেলার তরঙ্গ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ আহমেদ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার সুদ্রা গ্রামে গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ইব্রাহীম খলিলের খড়ের গাদায় আগুন দেয়। ইব্রাহীমের লোকেরা আগুনের ঘটনায় সুমন মিয়াকে সন্দেহ করেন। সুমন মিয়া চট্টগ্রামে চাকরি করেন। তাই শনিবার ইব্রাহীমের লোকজন মুঠোফোনে সুমনকে চট্টগ্রাম থেকে এলাকায় আসতে বলেন। তাঁদের কথামতো চট্টগ্রাম থেকে এসে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির স্ত্রী ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে বরুড়া থানায় হত্যা মামলা করেন। বরুড়া থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কচুয়া উপজেলার আইনপুর গ্রামে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে রাজমিস্ত্রি আলমগীরকে বিল্লাল (২৫), রবিউল (২৪) ও লিটন (২২) হাওলাকান্দি মার্কেটের সামনে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে সোমবার সকালে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় ভাড়া বাড়ি থেকে অষ্টম শ্রণির ছাত্রী সাবরিনা রিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল। চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) রিয়ার লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ক্লিভডন চা-বাগানের বাসিন্দা অনিল চাষা বছরখানেক আগে তাঁর ভাগনে একই এলাকার বাসিন্দা বিকাশ চাষাকে গরু কেনার জন্য ৪০ হাজার টাকা ধার দেন। কিন্তু বিকাশ সময়মতো ওই টাকা পরিশোধ করেননি। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ২২ জুন রাতে ঝগড়া হয়। একপর্যায়ে বিকাশ লাঠি দিয়ে মামাকে মারধর করেন। বাগানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পাঁচটার দিকে অনিল মারা যান। খবর পেয়ে ওই দিনই পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার অনিলের ছেলে শিবু চাষা বাদী হয়ে বিকাশসহ আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। কুলাউড়া থানার এসআই রাজীব চন্দ্র দেব বলেন, বিকাশ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার পর থেকে বিয়ানীবাজার উপজেলার তরঙ্গ গ্রামের ফরহাদ আহমেদ নিখোঁজ ছিলেন। পরদিন ফরহাদের লাশ বাড়ির পাশের একটি বিলে ভেসে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ফরহাদকে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় ফরহাদের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; চাঁদপুর, সিলেট ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}