তিনজনকে মারধর করে মিনিবাস থেকে ফেলে দিল ডাকাতেরা, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত মিনিবাসে বেদম মারধর করে সব কেড়ে নিয়ে অচেতন অবস্থায় এক যাত্রীকে মিনিবাস থেকে ফেলে দিয়ে হত্যা করেছে ডাকাতেরা। আহত করেছে তাঁর দুই সহযাত্রীকে। গতকাল সোমবার ভোরে রাজধানীর আবদুল্লাহপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কের ধউর থেকে নিহত যাত্রীর লাশ উদ্ধার করেছে তুরাগ থানার পুলিশ।
নিহত ব্যক্তির নাম আবদুল মোমিন (৩০)। ডাকাতদের হামলার শিকার অন্য দুজন হলেন আবদুর রাজ্জাক ও আবদুর রশীদ। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরের চুনিয়াহাটিতে। তাঁরা পেশায় তাঁতশ্রমিক। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রী এক আত্মীয়কে বিদায় জানিয়ে সিরাজগঞ্জে ফেরার জন্য আবদুল্লাহপুরগামী মিনিবাসে ওঠার পর ডাকাতদের কবলে পড়েন তাঁরা। মোমিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গত রোববার ভগ্নিপতি আবদুর রাজ্জাক ও প্রতিবেশী আবদুর রশীদের সঙ্গে হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন আবদুল মোমিন। উদ্দেশ্য ইরাকগামী ভাগনে জিলহক ও রশীদের এক ছেলেকে বিদায় জানানো। ওই দুজনকে বিদায় জানিয়ে মোমিন, রাজ্জাক ও রশীদ মধ্যরাতে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরার আবদুল্লাহপুরগামী একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসে আবদুল্লাহপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে সিরাজগঞ্জের বাসে ওঠার পরিকল্পনা ছিল তাঁদের। মিনিবাসে চালক, তাঁর সহকারী ছাড়াও কয়েকজন ছিলেন। বিমানবন্দর থেকে তাঁরা মিনিবাসে ওঠার পরপরই দরজা বন্ধ করে দেন মিনিবাসে থাকা লোকজন। এরপর তাঁদের তিনজনের হাত-পা, মুখ বেঁধে বেধড়ক পেটানো হয়। মারধরের একপর্যায়ে তিনজনই অচেতন হয়ে পড়েন। মিনিবাসচালক ও তাঁর সহকারী ডাকাতদের সহযোগী বলে পুলিশ ধারণা করছে। মারধর করে সব কেড়ে নিয়ে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর এলাকায় বেড়িবাঁধের ঢালে তিনজনকে অচেতন অবস্থায় ফেলে দেয় ডাকাতেরা। চেতনা ফিরে পেয়ে আবদুর রাজ্জাক ও আবদুর রশীদ দেখেন, মোমিন তখনো অচেতন, শরীর ধরে তাঁরা বুঝতে পারেন, মোমিন মারা গেছেন। এরপর তাঁরা আশপাশের লোকজনের সহায়তায় পুলিশের কাছে যান। তুরাগ থানার পুলিশ গতকাল ভোরে ধউরে বেড়িবাঁধ থেকে মোমিনের লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন ছিল।
নিহত মোমিনের খালাতো ভাই আবদুল মতিন বলেন, তিনজনের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। তবে তাঁদের কাছে কত টাকা ছিল, সে সম্পর্কে তিনি জানেন না।
পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, ডাকাতির পরিকল্পনা করেই একদল দুর্বৃত্ত মিনিবাসটি নিয়ে বের হয়েছিল। মিনিবাসে তাদেরই কেউ চালক, কেউ চালকের সহকারী আর কেউ যাত্রীবেশে বসে ছিল। এর সঙ্গে পরিবহনশ্রমিকেরাও জড়িত থাকতে পারেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, মিনিবাসের চালক ও চালকের সহকারী এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।