তিনজনের অপমৃত্যু
রাজধানীতে গতকাল মঙ্গলবার তিনজনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায়, একজন ওপর থেকে পড়ে এবং আরেকজন অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে মারা গেছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাতটার দিকে গুলিস্তানে ঝাড়ু দেওয়ার সময় লেগুনার ধাক্কায় মারা যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জয়নাল আবেদীন (৪০)। তিনি স্ত্রী, তিন সন্তান নিয়ে গাবতলী বেড়িবাঁধ এলাকায় থাকতেন।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পরিবারকে সঙ্গে নিয়ে নাসরিন আক্তার (১৮) নামের এক নারীর লাশ শনাক্ত করে পুলিশ। ১৬ নভেম্বর নাসরিন ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল তিনি মারা যান।
শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান বলেন, শাহ আলী থানা এলাকার এক বাসায় নাসরিন স্বামী ইসমাইল ইসলামের সঙ্গে থাকতেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে নাসরিন ঘুমের বড়ি খেয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় ঘরের চালা লাগাতে গিয়ে পড়ে মারা গেছেন মোহাম্মদ খোকন (৩৫) নামের এক ব্যক্তি। গতকাল বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।