তিনজনের অপমৃত্যু এক নারীর রহস্যজনক মৃত্যু
রাজধানীতে গতকাল শনিবার পৃথক স্থানে তিনজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় আর বাকি দুজন গলায় ফাঁসজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধের সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেন থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন। তিনি সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর পরনে চেকলুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিল।
তুরাগ থানার এসআই শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের খানবাড়ি এলাকার এক বাসা থেকে বিউটি বেগম (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে ভাইয়ের সঙ্গে ওই বাসায় থাকত। তার ভাই পুলিশকে জানিয়েছেন, বিউটি গতকাল সকালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল বেলা ১১টার দিকে মিরপুরের একটি হাসপাতাল থেকে আশিকুর রহমান (১৯) নামের একজনের লাশ উদ্ধার করেন এসআই মতিউর রহমান। তিনি জানান, মিরপুরের পূর্ব মণিপুরের এক বাসায় থাকতেন আশিকুর।
রহস্যজনক মৃত্যু: গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তার (২৫) নামের এক নারীকে অচেতন অবস্থায় নিয়ে যান রুমেন নামের এক যুবক। কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
পরে রুমেন সাংবাদিকদের জানান, বেলা দুইটার দিকে রাস্তার পাশ থেকে সাথীকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে যান। সাথী ডেমরার রানী মহলের পেছনে একটি বাসায় থাকতেন। তাঁর স্বামী মো. আকাশ রাজমিস্ত্রি।
রুমেন নিজেকে বাসের চালকের সহযোগী হিসেবে দাবি করেন।
বিষয়টি রহস্যজনক হওয়ায় হাসপাতালে দায়িত্বরত পুলিশ রুমেনকে ক্যাম্পে আটক করে ডেমরা থানার পুলিশকে জানায়।