তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় এক কলেজছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মোহাম্মদপুর, মুগদা ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের সূত্র বলেছে, মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় পরিবারের সঙ্গে থাকত কলেজছাত্রী আরিফা আক্তার (১৬)। গতকাল সকালে আরিফার মা তাঁর ছোট মেয়েকে নিয়ে স্কুলে যান। স্কুল থেকে ফিরে তিনি আরিফাকে বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে আরিফার চাচা আবদুর রউফ অভিযোগ করেন, প্রতিবেশী এক যুবক আরিফাকে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রেখেছিলেন। আরিফা স্থানীয় একটি কলেজে প্রথম বর্ষে পড়ত। এ ব্যাপারে রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এদিকে মুগদার বড় মসজিদ গলির একটি বাসা থেকে মোছা. দুলালি (২৮) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ঘর ভেতর থেকে তালাবদ্ধ ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। দুলালির স্বামী ইতালিপ্রবাসী।

এ ছাড়া বাড্ডায় খুরশেদ আলম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে খুরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার দাবি করেন, খুরশেদ মাদকাসক্ত ছিলেন। প্রতিদিন টাকার জন্য তাঁকে মারধর করতেন। মারধরের কারণে তিনি রাগ করে বাবার বাড়ি চলে যান। এরপর গতকাল পুলিশের মাধ্যমে তিনি খবর পান তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। খুরশেদ-শিউলি দম্পতির ছয় বছর বয়সী একটি মেয়ে আছে।