তিনজনের পেটে ১১৬ প্যাকেট ইয়াবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিনে মোড়ানো ছোট ছোট ১১৬টি প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবা বড়ি। গন্তব্য কক্সবাজার থেকে ঢাকা। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেন তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তাঁরা।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কক্সবাজার উখিয়ার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেট কলার মধ্য দিয়ে গিলে ফেলেছিলেন। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। তিনজনের কাছ থেকে ৫ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তাঁরা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং আরেকজনকে আসামি করে সদরঘাট থানায় পৃথক মামলা হয়েছে।

টেকনাফে ব্যাগভর্তি ইয়াবা
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ব্যাগভর্তি ৪ কোটি ২০ লাখ টাকার ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হ্নীলা চৌকির একটি বিশেষ দল আনোয়ার মৎস্য খামারসংলগ্ন নাফ নদীর কেওড়াবাগান এলাকায় সন্দেহভাজন দুজন লোককে চ্যালেঞ্জ করে। তাঁরা হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।