তিনজনের পেটে ৬৪ প্যাকেট ইয়াবা
পলিথিনে মোড়ানো ৬৪টি ছোট প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবা বড়ি। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় হাতে ধরা পড়ে তারা। আটক ব্যক্তিরা হলো কক্সবাজার রামুর ফরিদ আলম, বান্দরবানের পেটান আলী ও ১৫ বছরের এক কিশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেটগুলো গিলে ফেলেছিল। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে ৬৪টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এর আগে গত শনিবার রাত ১২টার দিকে নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আলী আহমেদ নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তিনিও পুলিশকে ফাঁকি দিতে তিনটি প্যাকেটই বিশেষ কৌশল করে পেটের ভেতরে ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসেন।
পড়ে থাকা বস্তায়
১ লাখ ৪৪ হাজার ইয়াবা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে নাফ নদীর একটি বেড়িবাঁধে পড়ে থাকা দুটি বস্তা থেকে গত সোমবার রাতে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই এলাকায় বিজিবির অভিযানের সময় পাচারকারীরা সেগুলো ফেলে পালিয়ে যায় বলে মনে করা হচ্ছে।
টেকনাফ ২ বিজিবির পরিচালক এস এম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার ডাকবাংলো এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এমন তথ্য ছিল তাঁদের কাছে। এর ভিত্তিতে টেকনাফ সদর চৌকির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সোমবার রাতে নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টার দিকে সন্দেহভাজন কয়েকজন লোককে বেড়িবাঁধ দিয়ে আসতে দেখে তারা। তাদের চ্যালেঞ্জ করা হলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ে। তাদের আর সন্ধান পাওয়া যায়নি। তবে বিজিবির সদস্যরা ওই এলাকায় দুটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা দুটির ভেতরে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়, যার মূল্য ৪ কোটি ৩২ লাখ টাকা। ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।