ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মনাইবাড়ির তিন বছর বয়সী শিশু মীর মো. রাব্বি হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ এপ্রিল সিআইডির পরিদর্শক রিটন রায় চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও পরে আরেক এসআই নাজমুল আলম মামলাটি তদন্ত করেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সুলতানপুর দক্ষিণপাড়া মনাইবাড়ির ফুল মিয়ার দুই ছেলে মীর সফিকুল ইসলাম ওরফে সাথিল (২৮), মীর মো. মিথিল (২৬) ও একই ইউনিয়নের টানচক এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫)। সাথিল ও মিথিল আদালত থেকে আস্থায়ী জামিনে ও শাহ আলম পলাতক আছেন। হত্যায় জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় মামলার এজাহারভুক্ত প্রধান তিন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন একই গ্রামের মীর আবুল বাশার, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁর দুই ছেলে মীর মানিক (২৫) ও মীর রতন (২২)। মানিক ও রতন তিন মাস কারাগারে থাকার পর গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে ফুল মিয়া, তাঁর দুই ছেলে সাথিল ও মিথিলের সঙ্গে আবুল বাশারের বিরোধ চলে আসছিল। সুলতানপুর দক্ষিণ মনাইবাড়ির একই সীমানায় ফুল মিয়া ও বাদী মীর মো. সজিবের বাড়ি। উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকায় রাব্বি খুন হলে ফুল মিয়ার পরিবারকে রাব্বির পরিবার সন্দেহ করবে না এই সুযোগ কাজে লাগিয়ে আবুল বাশার, তাঁর দুই ছেলে মানিক ও রতনকে ফাঁসানোর পরিকল্পনা করে সাথিল ও মিথিল।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গত বছরের ৯ অক্টোবর রাব্বি তার ফুফাতো বোন তায়য়েবা আক্তারের সঙ্গে (৫) বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় সাথিল, মিথিল ও একই এলাকার শাহ আলম তাঁদের বাড়ির পশ্চিম ভিটার গোয়ালঘরে বসে ছিলেন। সাথিল গোয়ালঘর থেকে বের হয়ে রাব্বিকে ফুঁসলিয়ে গোয়ালঘরে নিয়ে তিনজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোয়ালঘরে একটি ড্রামে লুকিয়ে রাখে। রাতে ইটের সঙ্গে বেঁধে রাব্বির লাশ প্লাস্টিকের বস্তায় ভরে মনাইবাড়ির পুকুরে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তারের পর সাথিল ও মিথিলের দেওয়া তথ্যমতে, গোয়ালঘর থেকে লাশের সঙ্গে পাওয়া একই ধরনের ইট ও ড্রাম জব্দ করা হয়।