তিনজনের লাশ শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি অভিযানে নিহত চার জঙ্গির লাশ দুটি অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার বেলা দেড়টায় ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় l ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি অভিযানে নিহত চার জঙ্গির লাশ দুটি অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার বেলা দেড়টায় ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় l ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে আবু কালাম ওরফে আবু (৩০) ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। তাঁদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
‘অপারেশন ইগল হান্ট’ নামের ওই অভিযানে আবুর স্ত্রী গুলিবিদ্ধ সুমাইয়া খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে ভর্তি করার পর রাজশাহী মেডিকেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ‘গেট পাস’ ছাড়া কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চারজনের লাশ শিবগঞ্জের ত্রিমোহনী শিবনগর গ্রামের জঙ্গি আস্তানা থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, আবু ছাড়া অন্য তিন জঙ্গির লাশে পচন ধরেছিল। দেহ ক্ষতবিক্ষত ছিল। একজনের পা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। তাঁরা গত বুধবার মারা গেছেন বলে মনে হয়েছে। আবু বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর দেহে গুলি ও স্প্লিন্টারের চিহ্ন রয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়শা জুলেখা বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম রাত আটটার দিকে বলেন, গত বৃহস্পতিবার রাতেই পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শেষ করে চলে গেছে। সিআইডির ক্রাইম সিন দল কাজ শেষ করে গতকাল বেলা তিনটার দিকে ঘটনাস্থল ত্যাগ করেছে। আবুর লাশ ছাড়া অন্যদের শনাক্ত করা যায়নি। জঙ্গি আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি সুইসাইড ভেস্ট এবং বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
পুলিশের সূত্র বলেছে, আবুর লাশ ময়নাতদন্ত শেষে তাঁর এক চাচার কাছে দেওয়া হলেও পরে ফিরিয়ে এনে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, লাশগুলো দাফনের জন্য রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
পৌরসভার একজন কর্মকর্তা বলেন, লাশগুলো আজ শনিবার সকালে দাফন করা হবে।
গতকাল সকালে লাশ শনাক্ত করার জন্য ত্রিমোহনী শিবনগর গ্রামের আমবাগানের ভেতর বাড়িটির জঙ্গি আস্তানায় বাড়িমালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের চাচাতো ভাই সাদেকুল ইসলাম, ছেলে আনারুল ইসলাম ও চককীর্তির মনিরুল ইসলামকে ডাকে পুলিশ। সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবুর লাশ এক ঘরে ও অজ্ঞাত তিনজনের লাশ অন্য ঘরে পড়ে ছিল। ওই তিনজনের একজনের বুক থেকে নিচের দিক প্রায় বিচ্ছিন্ন ও অন্য দুজনের শরীর ক্ষতবিক্ষত ও বীভৎস অবস্থায় ছিল। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কাউকে চেনা যাচ্ছিল না। ওই ঘরে প্রচণ্ড বিস্ফোরণের আলামত দেখা গেছে। দেয়াল, মেঝে কালো, মেঝে এবড়োখেবড়ো ও দেয়ালের প্লাস্টার খসে পড়ার অবস্থা। আবুর লাশ অবিকৃত ছিল। কপালে ও পেটে গুলির দাগ। চারজনের পরনেই ছিল জিনসের প্যান্ট ও কালো গেঞ্জি।
ক্রাইম সিন দল চলে যাওয়ার পর বাড়িটির কাছে যেতে সাংবাদিকদের বাধা দেয়নি পুলিশ। বাড়ির দেয়ালে অসংখ্য গুলির চিহ্ন। একটি ঘরের দুটি জানালায় পোড়ার চিহ্ন। বাড়ির আশপাশে গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির টিনের চালও। পাশের বাড়ির মানুষজনকে ফিরে আসতে দেখা যায়।
পুলিশের বাধা শিথিল হওয়ার পর বাড়িটি দেখতে নারী-পুরুষের ঢল নামে। এদের অনেকেই জঙ্গিদের বিরুদ্ধে বিষোদ্গার করেন।
বাড়ির মালিক সাইদুর রহমানের বাড়িতে গেলে তিনি বলেন, ‘আবুর বাবা-চাচারা একসময় আমাদের কাজ করতেন। আবু এসে আমার বড় ছেলে আনারুলকে বাড়িটিতে থাকতে দেওয়ার অনুরোধ করেন। আমি বাধা দিইনি। সে জঙ্গি জানতে পেরে প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আমি চাই, সরকার শক্ত হাতে জঙ্গিদের দমন করুক। এরা দেশের শান্তি নষ্ট করছে।’
বেলা সাড়ে ১১টার দিকে আবুর নিজ বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা ফুলসানা বেগম শয্যাশায়ী। ঠিকমতো কথা বলতে পারছেন না। ছেলের লাশ নেবেন কি না, এ প্রশ্নে বলেন, ‘দিলে নিব, না দিলে নাই।’
এ সময় আবুর ছোট ভাই মো. সবুরের স্ত্রী রুনা বেগম বলেন, ‘আমার শাশুড়ি অসুস্থ। শ্বশুর ও স্বামী বাইরে কাজে গেছেন। তাই বাড়ির দায়িত্ব এখন আমার ওপর। আমি দায়িত্ব নিয়ে বলছি আবুর লাশ আমরা নিতে চাই না। তবে আবুর দুই মেয়েকে পেতে চাই।’ এ সময় আবুর মাও বলেন, তাঁরা লাশ নেবেন না।
বৃহস্পতিবার রাতে আবুর স্ত্রী সুমাইয়াকে (২১) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তাঁর পাঁচ বছরের মেয়ে সাদিকা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে দেখা যায়, তার কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সে ভালো আছে। তার সঙ্গে কথা বলার সুযোগ নেই।
জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের ওই বাড়ি গত বুধবার ভোরে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। দুই দিনের অভিযান শেষে চারজন নিহত হন বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার বাড়িটি থেকে সুমাইয়া ও তাঁর শিশুসন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সুমাইয়া রাজশাহী মেডিকেলে
রাজশাহী প্রতিনিধি জানান, গুলিবিদ্ধ সুমাইয়া রাজশাহী মেডিকেলের কেবিনে চিকিৎসাধীন। দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রবেশপথে নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গেট পাসধারী রোগীর স্বজনদের কেবল ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সাংবাদিক পরিচয় দিলেও ঢুকতে দেওয়া হয়নি।
হাসপাতালের উপপরিচালক রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুমাইয়ার ডান পায়ে জখমের চিহ্ন ছিল। শটগানের বুলেটের আঘাত যেমন হয়, তেমন আঘাত। পায়ের হাড় একটু ভেঙে গেছে। এ ছাড়া শরীরে আর কোথাও আঘাত নেই, অন্য সমস্যাও নেই। তার অবস্থা আশঙ্কামুক্ত।