বড় জারে ও বোতলে ভরে অনেক দিন ধরে পানি বিক্রি ও বাজারজাত করে আসছিল চট্টগ্রামের তিনটি কারখানা। অথচ তাদের বিএসটিআইয়ের অনুমোদন (বিক্রি করা পানি স্বাস্থ্যকর কি না) ছিল না।
গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন তিনটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় একজনকে কারাদণ্ড ও একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ ও বিএসটিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরের বড়পোল এলাকার সাজ এন্টারপ্রাইজের কারখানা অনুমোদন ছাড়াই জারে ও বোতলে ভরে পানি বিক্রি ও বাজারজাত করছিল। অভিযানে কারখানার মালিক মো. সম্রাটকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
একই এলাকার জান্নাত এন্টারপ্রাইজ পানির বিপণন কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তা সিলগালা করে দেন আদালত। তাদেরও অনুমোদন ছিল না। এ ছাড়া ড্রিংকিং ওয়াটার নামের আরেকটি কারখানার নিবন্ধন না থাকায় তা সিলগালা করে দেওয়া হয়।