যশোরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ভেজাল সার কারখানার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তিনটি কারখানা সিলগালা এবং তিন মালিকসহ পাঁচজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
এদিকে ভেজাল সার উৎপাদন নিয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে গতকাল যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। ‘ভেজাল সারের ডিপো যশোর!’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের দুটি দল গতকাল ওই সব অভিযান পরিচালনা করেন। পুলিশের দুই কর্মকর্তার নেতৃত্বে পুলিশের দুটি দল অভিযানে সহায়তা দেয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুফলা অ্যাগ্রো কেমিক্যালের স্বত্বাধিকারী সহিদুল ইসলাম, কারখানার দেখভালে নিয়োজিত মো. আসাদুজ্জামান ও কেমিস্ট আতাউর রহমান এবং এএম অ্যাগ্রো কেমিক্যালের স্বত্বাধিকারী হোসেন আলী ও অভয়নগর উপজেলার ভাঙা গেট এলাকার রহমত স্টোরের (সার উৎপাদনকারী প্রতিষ্ঠান) মালিকের স্ত্রী সালমা আফরোজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে নির্বাহী হাকিম মাসুদ-উল-আলম ও সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসের নেতৃত্বে একটি আদালত যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের সুফলা অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এএম অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও বালিয়াডাঙ্গা গ্রামের সোনালী অ্যাগ্রো কেমিক্যাল—এই তিনটি কারখানায় অভিযান চালান। এ সময় প্রথম দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল দস্তা সার ও সার উৎপাদনের সরঞ্জাম জব্দ করে সেগুলো সিলগালা করে দেওয়া হয়। অন্য কারখানাটি বন্ধ পান ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে নির্বাহী হাকিম সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে আরেকটি দল অভয়নগর উপজেলায় অভিযান চালায়। অভিযানে রহমত স্টোরের মালিকের স্ত্রী সালমা আফরোজকে আটক করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানকালে কারখানাটির গুদামে সার প্যাকেটজাত করা হচ্ছিল।
অভিযানের বিষয়ে নির্বাহী হাকিম মাসুদ-উল-আলম প্রথম আলোকে বলেন, কারখানায় ভেজাল সার তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিকভাবে কারখানাগুলো সিলগালা করা দেওয়া হয়েছে। সারের নমুনা সংগ্রহ করা হয়েছে। চূড়ান্তভাবে পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।