তিনটি খননযন্ত্র জব্দ, চারজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা টিএমএসএসের (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) শ্যালো ইঞ্জিনচালিত তিনটি খননযন্ত্র জব্দ করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।
আর্মড পুলিশের (এপিবিএন) সহযোগিতায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর ওই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টিএমএসএস নওদাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে। জেলা প্রশাসনের অনুমোদিত বালুমহাল ছাড়া নদী থেকে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন এত দিন ব্যবস্থা নেয়নি।
সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান বলেন, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে গতকাল বেলা ১১টার দিকে নওদাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় সদর উপজেলার চানপুর গ্রামের আবদুল ওহাব (২৩), ধলমোহিনী গ্রামের শাহেদ আলী (২৮), শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের সুমন (২২) ও অনন্তবালা গ্রামের রানাকে (২৭) হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া তিনটি খননযন্ত্র জব্দ করা হয়। এ সময় সেখানে টিএমএসএস লেখা কিছু ট্রাকে বালু পরিবহন করতে দেখা গেছে। কিন্তু আটক ব্যক্তিরা টিএমএসএসের শ্রমিক-কর্মচারী কি না, সে ব্যাপারে মুখ খোলেননি। পরে চারজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা প্রথম আলোকে বলেন, করতোয়া নদী থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো প্রকার বালু উত্তোলন করা হয়নি। টিএমএসএসের নিজস্ব জমি থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে ট্রাকে করে তা পাশের নিচু জমিতে ফেলে ভরাট করা হচ্ছিল। ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সংস্থার লোকজন আদালতকে বিষয়টি জানানোর চেষ্টা করলেও বিচারক ধমক দিয়েছেন। এভাবে বেআইনিভাবে তিনটি খননযন্ত্র পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়ে সংস্থার আর্থিক ক্ষতি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
এর আগে গত ২১ জুন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মহাশ্মশান এলাকায় করতোয়া নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের সময় পাঁচ ব্যক্তিকে আটক ও আটটি খননযন্ত্র জব্দ করে পোড়ানো হয়।