তিনটি ছাত্রাবাস থেকে পেট্রলবোমা-ককটেল উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্রশিবির নিয়ন্ত্রিত আবদুর রব ও আলাওল ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে পুলিশ ১৯টি পেট্রলবোমা, পাঁচটি ককটেল, চারটি চকলেট বোমা, গানপাউডারসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত এ দুটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।
দুটি হলে তল্লাশি
আজ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আবদুর রব ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিভিন্ন কক্ষ থেকে ১৮টি পেট্রলবোমা, চারটি চকলেট বোমা, আধা কেজি গানপাউডার, রামদা ও প্রায় দুশটি লাঠি উদ্ধার করা হয়। এই ছাত্রাবাসে তল্লাশি শেষে পুলিশ শিবিরনিয়ন্ত্রিত অন্য ছাত্রাবাস আলাওলে তল্লাশি চালায়। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অভিযানে দুটি চাপাতি, বেশকিছু লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ। তবে দুই ছাত্রাবাসে তল্লাশির সময় শিবিরের কোনো নেতা-কর্মীকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে অভিযানে পুলিশের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ অহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ আড়াই ঘণ্টা দুটি ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করে। তবে এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
শিবিরের কার্যালয়ে অভিযান
অন্যদিকে আজ দুপুরে ২ নম্বর গেট এলাকায় শিবিরের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে লোহার চারটি রড, ১০টি লাঠিসহ শিবিরের বিপুল পরিমাণ বই উদ্ধার করে পুলিশ।
এফ রহমান ছাত্রাবাসে তল্লাশি
অন্যদিকে গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এফ রহমান ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি রামদা, কয়েকটি কিরিচ, বেশকিছু লোহার রড ও লাঠিসহ শিবিরের গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত কাগজ ও বই উদ্ধার করে পুলিশ। এ সময় শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট থেকে দুটি ছাত্রাবাসে বৈধ শিক্ষার্থীদের তুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির। ধর্মঘটের প্রথম থেকেই শাটল ট্রেনে ও শিক্ষক বাসে ককটেল হামলা চালানো হয়। তবে ধর্মঘটের ১১তম দিনে গত ১০ সেপ্টেম্বর শিক্ষকবাসে বড় ধরনের হামলা চালানো হয়। এতে ১২ শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন।
এ জন্য শিবিরকে দায়ী করেছেন পুলিশসহ শিক্ষকেরা। তবে শিবির অভিযোগ অস্বীকার করে আসছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার শিবিরনিয়ন্ত্রিত একটি মেস থেকে পেট্রলবোমা, রোববার এফ রহমান ছাত্রাবাসের পেছনের পাহাড় থেকে ১৮টি ককটেল, শিক্ষকবাসে হামলার দিন ক্যাম্পাসে শিবিরের একটি মেস থেকে পাঁচটি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার করে।
শিক্ষকবাসে হামলার ঘটনায় ও পেট্রলবোমা ও ককটেল উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি এবং পুলিশ তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কমীদের আসামি করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত শিবিরের অন্তত ১৫জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।