তিনটি পিতলের মূর্তিসহ গ্রেপ্তার ৬
নেত্রকোনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে পিতলের তৈরি একটি করে বৌদ্ধ, রাধা, কৃষ্ণের মূর্তিসহ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
নেত্রকোনা সদর, দুর্গাপুর, পূর্বধলা ও ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার রাতভর অভিযান চালানো হয়। গতকাল শনিবার পূর্বধলা উপজেলার দাপুনিয়া গ্রামের জামাল মিয়া নামের একজন ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন সদর উপজেলার মহিরুকুরপাড় গ্রামের সাইফুল ইসলাম, নারায়ণপুর গ্রামের সোহরাব মিয়া, চাপান গ্রামের গিয়াস উদ্দিন, পূর্বধলার দাপুনিয়া গ্রামের মো. তাহের মিয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া গ্রামের আব্দুল খালেক ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা বড়ইকান্দা গ্রামের মো. কাশেম মিয়া।
ডিবির ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ওই চক্রটি কষ্টিপাথর, পিলার, পিতলের মূর্তিসহ বিভিন্ন বস্তু দিয়ে প্রতারণা করে আসছিল।